ইপিএলের রং আবার লালে লাল। টটেনহ্যাম হস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল। এই নিয়ে ২০ বার খেতাব জয় করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রেকর্ডকে ছুঁয়ে ফেলল তারা। চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ১৫ পয়েন্টে এগিয়ে, তাই সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেল আর্নে স্লটের দল।
এদিন ড্র করলেই খেতাব জয় নিশ্চিত ছিল, কিন্তু ঘরের মাঠে টটেনহ্যামকে খড়কুটোর মত উড়িয়ে দিল। ১২ মিনিটেই অবশ্য পিছিয়ে পড়েছিল লিভারপুল। কিন্তু তারপর গোটা মাঠে লাল ঝড়। ৩৪ মিনিটের মধ্যে তিন গোল। খাতা খোলেন লুইস দিয়াজ। তারপর ম্যাক অ্যালিস্টার ও গাকপোর গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মহম্মদ সালাহ। শেষ গোলটি আত্মঘাতী।
১৯৯০-এর পর লিভারপুল সমর্থকরা অ্যানফিল্ডে উৎসব করার সুযোগ পেলেন, কারণ পাঁচ বছর আগে অ্যানফিল্ডে শেষবার যখন চ্যাম্পিয়ন হয়েছিল য়ুরগেন ক্লপের লিভারপুল, তখন করোনা মহামারিতে সব কিছু স্তব্ধ ছিল। তাই রবিবার রাতে নামল উৎসবের ঢল। সালাহ, অ্যালিস্টাররা যে ম্যান ইউয়ের পাশে নিয়ে চলে গেলেন লিভারপুলকে!







