যুক্তরাষ্ট্র ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছেন জ্যানিক সিনার। চতুর্থ রাউন্ডের ম্যাচ শেষ হয়ে গিয়েছে। সিনার তখন ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন, সুভেনির বিলোচ্ছেন। তখনই নিরাপত্তা রক্ষী দেখলেন এক ভক্ত সিনারের ব্যাগ খোলার চেষ্টা করছেন! সঙ্গে সঙ্গে সেই ভক্তকে সরালেন কোর্ট থেকে। সিনারও বুঝতে পেরে সমর্থকদের ভিড় থেকে সরে গিয়ে ব্যাগ নিয়ে দ্রুত লকার রুমের দিকে হাঁটতে শুরু করলেন।
ব্যাগ থেকে নিশ্চয়ই কিছু খোয়া যায়নি। না হলে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সিনার নিশ্চয়ই কিছু বলতেন। বরং সাংবাদিকদের উদ্দেশে তার বক্তব্য, “এই প্রথম এখানে রাতে ম্যাচ খেললাম। খেলাও এই কারণে আরও ভাল হয়েছে। উদ্যোক্তাদের ধন্যবাদ রাতে ম্যাচ দেওয়ার জন্য। সমর্থকদেরও ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য।”
চতুর্থ রাউন্ডে বুবলিককে স্ট্রেট সেটে হারিয়েছেন জ্যানিক সিনার। এই টুর্নামেন্টে বুবলিক ছিলেন ২৩তম বাছাই। প্রথম তিনটি রাউন্ডে নিজের সার্ভিসে একটাও পয়েন্ট খোয়াননি। সিনারের সামনে তাকে অসহায় দেখাল। বুবলিকের সার্ভিস ভেঙেছেন আট বার। সিনারের ফোরহ্যান্ড টপস্পিনের কোনও জবাব বুবলিক দিতে পারেননি।
২০২৩ থেকে যুক্তরাষ্ট্র ওপেনে অপরাজিত হয়ে আছেন জ্যাক সিনার। এবার দেখা যাক তার সেই কীর্তি অক্ষুণ্ণ থাকে কি না।







