অবশেষে অভিমন্যু ঈশ্বরনের টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে! ওভাল টেস্টের পর অভিমন্যুর বাবা রঙ্গনাথন এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন তার ও ছেলের হতাশার কথা। বলেছিলেন অন্তত একটা টেস্টে কী অভিমন্যু সুযোগ পেত না?
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সূত্র অনুযায়ী আগামি অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজে়র বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে অভিমন্যুর টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের কর্তা জানাচ্ছেন, এর অন্যতম কারণ, ৩৩ বছর বয়সি করুণ নায়ার সদ্যসমাপ্ত ইংল্যনাড সফরে চারটি টেস্টে খেললেও দাগ কাটতে পারেননি। ওভালে একটা হাফ সেঞ্চুরি থাকলেও অফস্টাম্পের বাইরে তাঁর টেকনিকে দুর্বলতা বারবার প্রকট হয়েছে। তাই করুণ নায়ারের পক্ষে ফের জাতীয় দলে ফেরা কঠিন। ৩৩ বছরের নায়ারের এটাই ছিল শেষ সুযোগ।
তবে এখন হতাশা নয়, অভিমন্যুর নজর আবার দলীপ ট্রফির প্রস্তুতিতে। ১০৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৮৪১ রান অভিমন্যুর, গড় ৪৮.৭০। সেঞ্চুরি ২৭টি, সর্বোচ্চ ২৩৩।
ইংল্যান্ড সফরে স্কোয়াডে থাকা সত্ত্বেও যে তিনজন ক্রিকেটারের প্রথম এগারোয় থাকা হয়নি, তাঁরা হলেন ঈশ্বরন, কুলদীপ যাদব ও অর্শদীপ সিং। এঁদের তিনজনকেই ওয়েস্ট ইন্ডিজে়র বিরুদ্ধে সিরিজে় দেখা যাবে। এই সিরিজে পায়ের চোটের জন্য থাকা কঠিন ঋষভের। ইংল্যান্ড সিরিজে় ১৮৫.১ ওভার বল করা মহম্মদ সিরাজকে পুরো বিশ্রাম দেওয়ার কথা। সেপ্টেম্বরের এশিয়া কাপেও শুবমান, সিরাজদের বিশ্রাম পাওয়ার কথা।







