অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে হার। সেখানে ভারতীয় দলকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছিল জশ হেজেলউড। কিন্তু সেই হেজেলউডই নেই তৃতীয় টি টোয়েন্টি থেকে। সেই কথা শোনার পরই যেন খানিকটা স্বস্তিতে ভারতীয় দলের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা(Abhishek Sharma)। আর সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। এদিন ভারতীয় দলের হয়ে একমাত্র সফল ব্যাটারের নাম অভিষেক শর্মা।
ভারতীয় দলের সেরা তিন ব্যাটারকেই এদিন সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন জশ হেজেলউডষ তাঁর সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি শুভমন গিল, সূর্যকুমার যাদবরা। যদিও অভিষেক শর্মা ছিলেন দুরন্ত মেজাজে। অজি বোলারদের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে অভিষেক হেজেলউডের কথা শোনার পরই যেন বেশ স্বস্তির সুর শোনালেন।
অভিষেক শর্মা জানান, জশ হেজেলউড সত্যিই খেলবেন না। এটা অবশ্য আমি জানতাম না। তিনি যেকোনও ফর্ম্যাটেই দুরন্ত একজন বোলার। তবে একজন ব্যাটার হিসাবে এমন বিশ্বের সেরা বোলারদের চ্যালেঞ্জ সামলানোটাই তো আমার প্রধান কাজ। আর সেটাই আমি করার চেষ্টা করে যাচ্ছি।
সামনেই রয়েছে অ্যাশেজ। সেই কথা মাথায় রেখেই ভারতের বিরুদ্ধে বাকি ম্যাচগুলো না খেলার সিদ্ধান্তই নিয়েছেন জশ হেজেলউড। সাংবাদিক সম্মেলনে এসেই সেই কথা জানতে পারেন অভিষেক শর্মা।







