লিওনেল মেসির ২০২৬-এর বিশ্বকাপে খেলা নিয়ে জল্পনার শেষ নেই। বিশ্ব জুড়ে সংবাদমাধ্যমে লেখালেখিরও শেষ নেই।
এই বিষয়ে নতুন খবর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও বিশ্বাস করছে লিওনেল মেসি আগামি বছর বিশ্বকাপে খেলবেন, মাঠে নামবেন জাতীয় দলের অধিনায়ক হয়েই।
জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসার লিয়ানড্রো পিটারসেন নিশ্চিত করেছেন, আগামী বছর ফিফা বিশ্বকাপে খেলবেন মেসি। তার ফর্ম এখনও ঈর্ষণীয়। এই মরশুমের মেজর লিগ সকারেই টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছেন। পিটারসেন বলেছেন, “মেসি শারীরিকভাবে দারুণ অবস্থায় রয়েছে। ওর এই মরশুমটা খুব ভালো কেটেছে। আশা করি, ওর অধিনায়কত্বেই বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা। আমার দৃঢ় বিশ্বাস, টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলারও হবে মেসি।”
মেসি মেজর লিগ সকারের শেষ সাত ম্যাচের ছ’টিতে জোড়া গোল করে নজির গড়েছেন। ২৯টি ম্যাচে ২৪টি গোল করেছেন। ৮টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। জানা গিয়েছে, আগামী বিশ্বকাপে তাঁকে দলে রেখেই ছক সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
অন্যদিকে, আর্জেন্টিনার সংবাদমাধ্যম এরকম খবরও লিখেছে সম্প্রতি যে, বিশ্বকাপের প্রস্তুতি নিতে মেসি আবার ইউরোপের ক্লাবে ফিরতে পারেন! সম্প্রতি তার প্রাক্তন সতীর্থ, বর্তমানে ইটালির সেরি-আ ক্লাব কোমোতে খেলা সেস্ক ফ্যাব্রেগাসের বাড়িতে দেখা গিয়েছিল মেসিকে। তারপরই মেসির ইউরোপে ফেরার গন্ধ পেতে শুরু করে আর্জেন্টিনার সংবাদমাধ্যম! কিন্তু ঘটনা হল আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা।
তাই বিশ্বকাপের আগে কি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি সহজে ছাড়তে চাইবে মেসিকে? কারণ তাঁকে দিয়ে বিশ্বকাপের প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষের। যদিও এসবের মাঝে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসারের কথায় মুখে হাসি ফুটবে মেসি সমর্থকদের। তাঁরা তাঁদের স্বপ্নের নায়ককে বিশ্বকাপের মঞ্চে ফের একবার দেখার জন্য উন্মুখ।







