জাতীয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সমিতির বৈঠকে বুধবার আমন্ত্রণ জানানো হয়েছিল দুই দ্রোনাচার্য কোচ, আর্মান্দো কোলাসো এবং বিমল ঘোষকে। তাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন হরজিন্দার সিং, ক্লাইম্যাক্স লরেন্স, সাবির আলি, তাবাবি দেবী, সাবির পাশা এবং জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল।
সিনিয়র জাতীয় দলের কোচের পদ থেকে মানালো মার্কুয়েজের পদত্যাগের পর, বুধবার প্রাক্তন কোচেদের কাছে নতুন জাতীয় কোচ নিয়োগ নিয়ে পরামর্শ নেওয়া হয়। ফেডারেশন সূত্রের খবর, প্রাক্তন কোচেরা ফেডারেশনের শীর্ষকর্তাদের ভারতীয় কোচ নেওয়ার পরামর্শই দিয়েছেন। ফেডারেশন সংবাদমাধ্যমে বিজ্ঞাপনের নোটিশ দিয়ে নতুন জাতীয় কোচ নিয়োগ করবেন।
জানা গিয়েছে, অক্টোবরে এশিয়ান কাপের দুটো কোয়ালিফায়ারের অন্তত দু’মাস আগে নতুন কোচ নিয়োগ করার কথা ভেবেছেন ফেডারেশনের শীর্ষকর্তারা।
এছাড়া, বুধবারের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। প্রতিভাবান তরুণ ভারতীয় ফুটবলারদের স্কাউটিং-এর দিকে তাকিয়ে তাদের সিদ্ধান্ত আসন্ন মরশুমের আই লিগের ম্যাচে একসঙ্গে তিন বিদেশির বেশি কোনও ক্লাব খেলাতে পারবে না।
এফএসডিএলের সঙ্গে এমআরএ চুক্তি পুনর্নবীকরণের উদ্যোগও এই মুহুর্তে ফেডারেশন নিচ্ছে না। সুপ্রিম কোর্টের চুড়ান্ত নির্দেশের অপেক্ষায় তারা রয়েছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের কার্যনির্বাহী সমিতির এক সদস্য বুধবার দিল্লি থেকে ফোনে বললেন, “আইএসএল সম্প্রতি আইএসএলে রেলিগেশন চালু হবে না বলে যে শর্ত আরোপ করতে চাইছিল সেই বিষয়ে আজ বৈঠকে বিরোধিতা করা হয়েছে। আমরা এফএসডিএল-কে মেল পাঠিয়ে অনুরোধ করব তারা যেন পরিকল্পনাটা বদলায়।”
একইসঙ্গে ফেডারেশন ওই মেলে আরও একটি অনুরোধ করবে বলে জানা গিয়েছে যে, আসন্ন আইএসএলেও ক্লাবগুলো যেন সিনিয়র জাতীয় দলের কথা ভেবে আইএসএলে তিন বিদেশির বেশি একসঙ্গে না খেলানোর সিদ্ধান্ত নেয়।
ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়াকে শো-কজ নোটিশ পাঠাবে ফেডারেশন। কারণ, কার্যনির্বাহী সমিতির সদস্য হয়েও বাইচুং সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে ফেডারেশন প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন।

সিকিম থেকে ফোনে ভাইচুং-এর জবাব, “মুখ বন্ধ করার চেষ্টা এটা। কিন্তু কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশন যেভাবে ভারতীয় ফুটবলকে তলানিতে নিয়ে গিয়েছে, যেভাবে কলঙ্কিত করেছে তাতে আর কেউ মুখ না খুলুক, আমি মুখ খুলব, প্রতিবাদ করব।”
সার্ক ফুটবল থেকে একটা আবেদন ফেডারেশনে এসেছে যে সার্ক দেশগুলোর অর্ন্তভূক্ত কোনও ফুটবলার যদি ভারতীয় লিগে খেলে তাহলে ‘ঘরোয়া’ ফুটবলার বলে বিবেচনা করা হোক। বুধবারের বৈঠকে এই আবেদনকে স্বাগত জানানো হয়েছে, কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আগামি ৭ অক্টোবর ভুবনেশ্বরে ফিফা-এআইএফএফ এলিট অ্যাকাডেমি পরিদর্শন করতে আসতে পারেন আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বাধীন একটি ফিফার দল। ফেডারেশনো সেদিন চাইছে ওখানে এজিএমের আয়োজন করতে।







