এই মরশুমে আইএসএলের অনিশ্চয়তা কাটাতে ১৩টি ক্লাবের প্রতিনিধিকে নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বৃহস্পতিবার বৈঠক করলেন দিল্লিতে। কিন্তু আইএসএল শুরু নিয়ে অনিশ্চয়তার জট কাটাতে পারলেন না। ‘আইএসএল হবেই’ বলেও ফেডারেশন প্রেসিডেন্টের মুখে শোনা গেল সুপার কাপের কথা!
১৩টা আইএসএল ক্লাবের মধ্যে আটটা ক্লাবই আইএসএলের জন্য দলগঠনের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। এমনকী চুক্তিবদ্ধ ফুটবলারদের বেতনও তারা স্থগিত করে দিয়েছে। এই অবস্থায় ক্লাব প্রতিনিধিরা নির্দিষ্টভাবে একটা আশ্বাস চেয়েছিলেন। কিন্তু ফেডারেশন প্রেসিডেন্ট সেই আশ্বাস দিতে পারেননি।
বরং সাংবাদিক বৈঠকে তার মন্তব্য, “আইএসএল হবেই। কিন্তু আপাতত আমরা ভেবেছি সুপার কাপকে মরশুমের প্রথম টুর্নামেন্ট হিসেবে আয়োজন করার। আজ, ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, এই মরশুমে তারা কীভাবে এগোবে, পরিকল্পনা করবে। ৩১ অগস্ট প্রথম ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাচ্ছে। তারপর প্রাক-মরশুমের ট্রেনিংও শুরু করতে হবে। ফুটবল তো বন্ধ থাকবে না। জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ আছে। সব কিছু ভেবেই আমরা সুপার কাপ দিয়ে মরশুম শুরু করার পরিকল্পনা করছি।”
ফেডারেশন প্রেসিডেন্টের এই আশ্বাসে চিড়ে যে ভিজেছে বলা কঠিন। কারণ, জানা গিয়েছে, ১৩টি ক্লাবের প্রতিনিধি বৈঠকে জানিয়ে দিয়েছেন সুপার কাপ তারা খেলবেন, কিন্তু আইএসএল নিয়ে নির্দিষ্টভাবে আশ্বাস পাওয়ার পরই। ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট এনএ হ্যারিসও আইএসএলের অনিশ্চয়তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে দিয়েছেন, “সুপ্রিম কোর্টের হাতে সিদ্ধান্ত। আমরা দ্রুত সমাধান চাইলেও কিছু করার নেই আমাদের।”
ফেডারেশন প্রেসিডেন্ট জানিয়েছেন আগামি ১০ দিনের মধ্যে আবার বৈঠক হবে সুপার কাপের ফর্ম্যাট ও সূচি নিয়ে।







