পাকিস্তানের যাবতীয় দাবি উড়িয়ে সুপার ফোরেও ভারত বনাম পাকিস্তান(INDvPAK) ম্যাচের ম্যাচ রেফরি অ্যান্ডি পাইক্রফটই(Andy Pycroft)। হ্যান্ডশেক বিতর্কে (Handshake Row) এই অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft) সরানো নিয়েই সরব হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি আইসিসির(ICC) দ্বারস্থও হয়েছিল তারা। কিন্তু তাদের কোনও কথাই কানে তুলল না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বরঞ্চ সুপার ফোরেও সেই পাইক্রফটকেই ভারত-পাক ম্যাচের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে যে পাকিস্তানের সরাসরি হার হয়েছে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ পর্বে প্রথমবার মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান (INDvPAK)। আর সেই ম্যাচের পারফরম্যান্স ছাপিয়ে গিয়েছিল একটাই বিতর্ক। শুরু থেকে শেষপর্যন্ত পাকিস্তানের কোনও ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি ভারতীয় দলের অধিনায়ক থেকে অন্যান্য ক্রিকেটাররা। আর সেটাই ঠিক হজম করতে পারেনি পাকিস্তান ক্রিকেট থেকে পাক বোর্ডের কর্তারা। এরপরই শুরু হয়েছিল হৈচৈ। এই ঘটনার জন্য ম্যাচের ম্যাচ রেফারি প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft) কাঠগড়ায় তুলতে শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি তাঁকে অপসারনের দাবি নিয়েও সরব হয়েছিল তারা।
যদিও আইসিসি পাকিস্তানের দাবি নিয়ে একেবারেই কর্ণপাত করেনি। বরং আবারও সেই অ্যান্ডি পাইক্রফটকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ম্যাচে পাইক্রফটের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে অপমান করার অভিযোগ জানানো হয়েছিল পিসিবির তরফ থেকে।
তবে আইসিসি পাকিস্তানের দাবি মানতে নারাজ ছিল। কারণ সেই ঘটনার পর মিস কমিউনিকেশনের কথা শোনা গিয়েছিল অ্যান্ডি পাইক্রফটের মুখে। একইসঙ্গে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছিলেন সেই ম্যাচের পর। যদিও পাকিস্তানের দাবি ছিল তাঁকে অপসারণ এবং ভারতকে শাস্তি দেওয়া।
কিন্তু হাত মেলানো বা না মেলানো নিয়ে সেভাবে আইসিসির রুল বুকেই তেমন কিছু নেই। আর সেই কথা মনে করিয়েই পাকিস্তানের সমস্ত অভিযোগ নস্যাৎ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এরপর পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকিও দিয়েছিল।
যদিও আইসিসির সঙ্গে আলোচনার পর সেই পথ থেকেও সরে আসতে হয়েছিল পাক ক্রকেট বোর্ডকে। সুপার ফোরে আবারও সেই ভারত-পাক লড়াই। সেখানেও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসির সাফ বার্তা এই প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটারই সামলাবেন ম্যাচ রেফারির দায়িত্ব। ভারতের বিরুদ্ধে নামার আগে যে এটা পাক শিবিরের কাছে ফের একটা বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।







