মহিলাদের এএফসি এশিয়ান কাপে(AFC Asian Cup) নামার আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তাদের অন্যতম প্রধান ভরসা অঞ্জু তামাঙ(Anju Tamang)। এশিয়ান কাপের মঞ্চে নামার আগে এটা যে ভারতীয় শিবিরের চিন্তা বেশ খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ভারতের সামনে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ খেলার হাতছানি রয়েছে। কিন্তু সেখানেই অঞ্জুকে(Anju Tamang) না পাওয়াটা যে চিন্তা বাড়াচ্ছে তা বলাই যায়।
ভারতীয় দলের এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্যও অঞ্জুর অবদান প্রচূর। কিন্তু বেশ কয়েকদিন আগেই অনুশীলনে চোট পেয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার অঞ্জু তামাঙ। সেই থেকেই আশঙ্কাটা বাড়তে শুরু করেছিল। এরপর সেটাই সত্যি হল। চোটের কারণে ছিটকেই গেলেন অঞ্জু।
ভারতীয় দলের হয়ে ৭০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে অঞ্জু তামাঙয়ের(Anju Tamang)। কিন্তু শেষরক্ষা হল না। আগামী ৪ মার্চ এশিয়ান কাপের প্রথম ম্যাচে নামবে ভারতীয় মহিলা ফুটবল দল। তার আগে অঞ্জুর ছিটকে যাওয়াটা বেশ সমস্যায় ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এই প্রতিযোগিতায় প্রথম ছয়ের মধ্যে থাকতে পারলেই ফিফা মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে ভারত।
২০২২ সালেও অবশ্য এশিয়ান কাপ খেলার সুযোগ হাতছাড়া হয়েছিস অঞ্জু তামাঙয়ের। কারণ সেবার কোভিডে আক্রান্ত হয়েছিল বহু ফুটবলার। সেই কারণেই শেষপর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এবার চোটের কারণে নেই ইস্টবেঙ্গলের হয়ে শেষবার আইডব্লুএল চ্যাম্পিয়ন অঞ্জু। তাঁর পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেলেন করিশ্মা শিরভাইকার।







