গতবছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। এবার আইপিএলকেও বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, আইপিএল থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি। আইপিএল কর্তৃপক্ষ ও বিসিসিআইকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। গত মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন অশ্বিন। তবে সম্ভবত, বিভিন্ন ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগে নিজের অভিযান চালিয়ে যেতে পারেন তিনি। বুধবার গণেশ চতুর্থী। সেই বিশেষ দিনটাকেই অশ্বিন অবসরের জন্য বেছে নিলেন।
আইপিএলের অন্যতম সেরা স্পিনার লিখেছেন, ‘আজ একটা বিশেষ দিন। আজ একটা বিশেষ যাত্রা শুরু করা যাক। সবাই বলে, প্রতিটি শেষের একটা শুরু থাকে। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় এখানেই ফুরিয়ে এল। কিন্তু বিভিন্ন লিগে আমার অভিযান আজ থেকে শুরু হল। আমি যে সব ফ্র্যাঞ্চাইজিতে খেলেছি, দারুণ স্মৃতি তৈরি হয়েছে, তাদের ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ আইপিএল ও বিসিসিআইকেও ধন্যবাদ, তারা আমাকে আজ যা দিয়েছে, তার জন্য। এবার সামনের দিকে তাকাতে চাই এবং সামনে যা আছে তা উপভোগ করতে চাই।’
২০০৮-এ আইপিএলের অভিযান শুরু হয় অশ্বিনের। তখন তিনি খেলতেন ‘ঘরের দল’ চেন্নাই সুপার কিংসের। পরে রাইজিং পুনে সুপার জায়ান্টস, কিংস ১১ পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন। গত মরশুমে ফের ৯.৭৫ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে ফিরে এসেছিলেন। এর মধ্যে জল্পনা ছিল, তিনি সিএসকে ছেড়ে অন্য দলে যেতে পারেন। কিন্তু তার আগেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিনি।







