শেষ আশাটাকুও শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার(Australia)। এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শেষ অজিদের। শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেই নামবেন মিচেল মার্শরা(Mitchell Marsh)। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টিকে থাকার একটা ক্ষীণ আশা ছিল। আর সেটা ছিল জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড(ZIMvIRE) ম্যাচ ঘিরে। এই ম্যাচে জিম্বাবোয়ে হেরে গেলেই, অস্ট্রেলিয়ার একটা সুযোগ হয়ে যেত।
কিন্তু শ্রীলঙ্কার খারাপ আবহাওয়া সব শেষ করে দিল। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল জিম্বাবোয়ের। কিন্তু প্রবল বৃষ্টিতে ম্যাচ শুরুই করা সম্ভব হল না। একসময় পাঁচ ওভারে ম্যাচ করার কথা হলেও, খারাপ পরিস্থিতির জেরে শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্তই ঘোষণা করা হয়। এরপরই সরকারীভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া(Australia) প্রথম অঘটনটা ঘটিয়েছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে হেরে গিয়েছিলেন ম্যাক্সওয়েলরা। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ছিল মরণ-বাঁচন ম্যাচ। কিন্তু সেখানেও ৮ উইকেটে হারতে হয়েছিল অজি ব্রিগেডকে। সেই সময়ই অস্ট্রেলিয়ার সুযোগ কমে এসেছিল।
তবুও অঙ্কের বিচারে একটা সুযোগ ছিল। কিন্তু মঙ্গলবার জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হতেই দুই দল এক পয়েন্ট করে পেয়ে যায়। আর তাতেই এক ম্যাচ বাকি থাকতে জিম্বাবোয়ের পয়েন্ট ৫। এই মুহূর্তে একটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই। অর্থাৎ অস্ট্রেলিয়া পরের ম্যাচ জিতলেই বিশ্বকাপের সুপার এইটের দড়জা এবার আর খুলবে না তাদের জন্য।







