কিছুদিন ধরেই ব্যাট হাতে ধারাবাহিক নন বাবর আজম Babar Azam। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বড় ম্যাচে তাঁর অভিজ্ঞতাই হতে পারে পাকিস্তানের নির্ভরযোগ্য ভরসা। প্রাক্তন অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, এই ম্যাচে দক্ষতার পাশাপাশি মানসিক শক্তিই আসল।
একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বাবর ভারত–পাক লড়াইয়ের আলাদা আবহ নিয়ে কথা বলেছেন। তাঁর কথায়, এই দ্বৈরথ শুধু দুই দলের নয়, আবেগেরও।
“এই ম্যাচ মানেই আলাদা উত্তেজনা,” বলেন তিনি। বিশ্বজুড়ে দর্শকের নজর থাকে এই লড়াইয়ে। প্রত্যাশার মাত্রাও থাকে অনেক উঁচুতে।
ভারতের বিরুদ্ধে একাধিকবার খেলেছেন বাবর। সেই অভিজ্ঞতা থেকেই তিনি নতুনদের জন্য বার্তা দিয়েছেন পরিষ্কার মাথা ঠান্ডা রাখার। তিনি মনে করেন, গ্যালারির চিৎকার বা বাইরের আলোচনা যতটা সম্ভব এড়িয়ে গেলে মনোযোগ ধরে রাখা সহজ হয়। পুরো ফোকাস থাকতে হবে মাঠে এবং নিজের দায়িত্বে।
তিনি বলেন, ‘‘আমরা বেশ কয়েকটা এই ম্যাচ খেলেছি। একটা বিষয় শিখেছি, মাথা যত ঠান্ডা রাখা যায়, তত স্বচ্ছন্দে থাকা যায়। গ্যালারির আওয়াজ বা বাইরের কথাবার্তা যত কম শুনবেন তত ভাল। সম্পূর্ণ ভাবে ক্রিকেট এবং খেলার মধ্যে থাকতে পারলে ভাল হয়।’’
বাবর এর সঙ্গে জানিয়েছেন, ‘‘আমরা সব সময় এই অভিজ্ঞতাগুলো দলের জুনিয়রদের সঙ্গে ভাগ করে নিই। ওদের বোঝাই, এই ম্যাচে উত্তেজনা থাকবেই। তার মধ্যেই চাপহীন থাকার চেষ্টা করতে হয়। যত চাপমুক্ত থাকতে পারবে, তত ভাল পারফরম্যান্সের সম্ভাবনা তৈরি হবে। সেটা ক্রিকেটারদের জন্য ভাল, দলের জন্যও।’’






