বাংলাদেশ যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল! একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ অগস্ট বাংলাদেশে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেখানে ১৭ থেকে ৩১ অগাস্টের মধ্যে তিনটি করে একদিনের আর্ন্তজাতিক ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের সূচি মাস দু’য়েক আগেই প্রকাশিত হয়েছিল।
কিন্তু সূত্রের খবর, বাংলাদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রের সবুজ সঙ্কেত পায়নি বিসিসিআই৷ ফলত, সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বাতিল হওয়ার পেছনে মূল কারণ দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি এবং প্রয়োজনীয় নিরাপত্তার অভাব।
সূত্র আরও জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে একটি বিবৃতি দেবে যেখানে এই সিদ্ধান্তকে বাতিল না বলে, ‘স্থগিত’ হিসেবে উল্লেখ করা হবে।
গতবছর অগস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং পরবর্তী কালে মুহম্মদ ইউনূসের নেতৃত্বে অর্ন্তবর্তী সরকার চালানোর সময়ে অনেকটাই বদলে গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং প্রতিবেশী ভারতের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক৷
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তির পরিবেশকেই এই সফর বাতিলের অন্যতম কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে সেখানে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রায় প্রত্যেকদিনই নানারকমের হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ, ভারত-বিরোধী স্লোগান, হিন্দু মন্দির ভেঙে দেওয়ার মত উদ্বেগের ঘটনার খবরও নিয়মিত পাওয়া যাছে। তাই এরকম পরিস্থিতিতে ভারত সরকার টিম ইন্ডিয়াকে বাংলাদেশে পাঠানোর ঝুঁকি নিতে চাইছে না।
আরও একটি অন্যতম কারণ, ওখানে হিন্দু বিদ্বেষের জন্য দুই দেশের মধ্যে বর্তমানে রাজনৈতিক সম্পর্কও আগের তুলনায় খারাপ হয়েছে। বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস ইতিমধ্যেই বেশ কয়েকবার ভারত বিরোধী মন্তব্যও করেছেন। সব মিলিয়ে বিসিসিআইয়ের কাছে এই মুহুর্তে জাতীয় দলকে ওখানে না পাঠানোই শ্রেয় বলে মনে হচ্ছে।







