আগামী ১৩ মার্চের মধ্যেই আইপিএলের(IPL) সূচী ঘোষণা করতে চলেছে বিসিসিআই(BCCI)। তবে একেবারে নয়, এবার ভাগ ভাগ করেই আইপিএলের সূচী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। তেমনটাই জানিয়ে দিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া(Devjit Saikia)। আপাতত প্রথম ২০টি ম্যাচের সূচী ঘোষণা করেই আরম্ভ হয়ে যাবে আইপিএল। টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। এবার আইপিএলের ঢাকে কাঠি পড়ার অপেক্ষা।
আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। হাতে সময়ও আর খুব একটা বেশি নেই। সেই কথা মাথায় রেখেই প্রথম ২০টি ম্যাচের সূচী আপাতত ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই তারিখও এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। এই কারণেই আপাতত ২০ ম্যাচের সূচী ঘোষণা করছে বিসিসিআই।
এই প্রসঙ্গেই বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “আমরা আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আইপিএলের প্রথম ২০টি ম্যাচের সূচী ঘোষণা করব। বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার ওপরই নির্ভর করছে সমস্তটা। সেটা দেখেই পরবর্তী সূচী ঘোষণা করা হবে”।
মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ, কেরালা, অসম, এবং তামিলনাড়ুতে ভোট হতে পারে আইপিএল চলার মাঝেই। এরফলে বিভিন্ন রাজ্যে নিরাপত্তার বিষয়টা রয়েছে। সেই কথা মাথায় রেখেই আপাতত প্রথম পর্বের সূচী ঘোষণা হতে চলেছে।






