অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, ড. বিসি রায় মেমরিয়াল ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলা। সোমবার পাঞ্জাবের জিএনডি ইউ স্পোর্টস কমপ্লেক্সে শেষ চারের লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন ৩-২ গোলে হারালো মিজোরামকে।
হ্যাটট্ট্রিক করেছেন তারকেশ্বরের রিন্টু মালিক। মোহনবাগানের জার্সিতে ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে খেলছেন। কোচ ফাল্গুনী দত্ত রাতে প্যারালাল স্পোর্টসকে ফোনে বললেন, “রিন্টুর দ্বিতীয় গোলটা দুর্দান্ত। এখনও চোখে ভাসছে। হ্যাটট্রিক করেছে, স্বাভাবিকভাবেই ম্যাচের সেরার পুরষ্কার পায়েছে। কিন্তু আমার চোখে রিন্টুর সঙ্গে আজকের ম্যান-অফ-ম্যাচ রাইট-ব্যাক রাজা রাজবংশীও। নিখুঁত ফুটবল খেলেছে।”

এবার টুর্নামেন্টে ‘গ্রুপ-অফ-ডেথে’ ছিল বাংলা। সেখান থেকে নক-আউটে পৌঁছে, মিজোরামের মত কঠিন প্রতিপক্ষের বাধাও পেরল বাংলা। বুধবারের ফাইনালে বাংলার সামনে মণিপুর।
ফাল্গুনী বলছেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল নম্বর নিয়ে পাস করলে ভাল কলেজে পড়ার সুযোগ পাওয়া যায়। ছেলেদের এটা বলেই মোটিভেট করব যে, চ্যাম্পিয়ন হতে পারলে তোমরা অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে ডাক পেতে পার। সেই লক্ষ্যে নিজেদের সেরাটা দাও। চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ো।”







