ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়ার মনে হচ্ছে খালিদ জামিলকে সিনিয়র জাতীয় দলের কোচ করার কারণ, ফেডারেশন কর্তাদের কাছে খালিদের বেশি দাবি দাওয়া থাকবে না।
ফিদেল কাস্ত্রো শতবর্ষ ফুটবল কাপের একটি প্রদর্শনী ম্যাচ উপলক্ষ্যে পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভাইচুং বলেছেন, “খালিদের জন্য আমার খারাপই লাগছে। কারণ, সিনিয়র জাতীয় দলের দুঃসময়ে ও দায়িত্ব নিল। ইগর স্টিমাচ আর মানোলো মার্কুয়েজের মত দু’জন আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন কোচ ফেডারেশনের সঙ্গে থাকতে পারল না। কারণ, জাতীয় দলের জন্য ওদের দাবিদাওয়া ফেডারেশনকে মানতে হত। খালিদ বেশি কিছু চাইবে না। বরং ফেডারেশন কর্তারাদের ইয়েসম্যান ও চলবে। তাই ওকে দায়িত্ব দেওয়া।”
খালিদ জামিল দু’বছরের জন্য সিনিয়র ভারতীয় দলের কোচ হয়েছেন। জাতীয় দল পারফরম্যান্স করতে পারলে খালিদের সঙ্গে চুক্তি আরও একবছর বাড়ানো হবে। ১৫ অগস্ট থেকে বেঙ্গালুরু সাইয়ে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে।
খালিদের কোচিংয়ে জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে কাফা নেশনস কাপ। ২৯ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বর, ভারত খেলবে তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তানের বিরুদ্ধে। তারপর ৯ এবং ১৪ অক্টোবর এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সিনিয়র জাতীয় দলের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ সিঙ্গাপুরের বিরুদ্ধে।
কোচ খালিদ সম্পর্কেও ভাইচুংয়ের বিশ্লেষণ, “ঘরোয়া ফুটবলের জন্য খালিদ উপযুক্ত। কিন্তু বর্তমান জাতীয় দলটা ওর কাছে নতুন। আমার খারাপই লাগছে ওর জন্য। সিনিয়র জাতীয় দলের দুঃসময়ে ওকে দায়িত্ব নিতে হল।”
৪৮ বছর বয়সী খালিদকে অবশ্য আত্মবিশ্বাসী দেখিয়েছে কোচ হওয়ার পর। বলেছেন, “দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। তাদের অনেকেরই শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমি জানি। কাফা নেশনস কাপের প্রস্তুতিতে এই জানাটা আমার কাজে লাগবে।”







