প্রথম দর্শনেই ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলারদের মনে জায়গা করে নিলেন ইউসুফ এজ্জেজারি(Yussef Ezzejjari)। আইএসএলের অভিষেকেই জোড়া গোল। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইউসুফের দুরন্ত গোলে ভর করেই জয় দিয়ে যাত্রা শুরু করল লাল-হলুদ ব্রিগেড। যুবভারতীতে জ্বলল মশাল। বহু সুযোগ ইস্টবেঙ্গল(Eastbengal) হাতছাড়া করলেও, শেষপর্যন্ত তৃপ্তির হাসি ফুটল অস্কার ব্রুজোঁর মুখেই। নর্থইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। সেইসঙ্গে জোড়া গোল করে ম্যাচের সেরাও কিন্তু নতুন স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ(Yussef Ezzejjari)।
প্রথম ম্যাচই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। কঠিন চ্যালেঞ্জ। সিঙ্গল স্ট্রাইকার ইউসুফের ওপর ভর করেই আক্রমণ সাজিয়েছিলেন লাল-হলুদ কোচ। সেইসঙ্গে বাড়তি দায়িত্ব ছিল মিগুয়েলের ওপর। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরের ওপর চাপ বাড়ানোর কৌশল লাল-হলুদ ব্রিগেডের। সুযোগও চলে এসেছিল। কিন্তু জালে বল জড়াচ্ছিল না। বারবার প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়লেও এদিন একাধিক সুযোগ হাতছাড়া করেন মিগুয়েল। ইউসুফও এক দুবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।
বিরতির পরও প্রথম ১৫ মিনিট ইস্টবেঙ্গলের সুযোগ নষ্টের খেলা চলছিলই। অবশেষে চিত্রটা বদলালো ম্যাচের ৬৫ মিনিটের মাথায়। ইউসুফ এজ্জেজারির দুরন্ত হেড। প্রথম সাফল্য লাল-হলুদের। পাঁচ মিনিটের মধ্যে ফের একটা আক্রমণ। এবারও ইস্টবেঙ্গলের গোলদাতা সেই ইউসুফই। আর সেইসঙ্গে যুবভারতীর গ্যালারীও তখন লাল-হলুদ রঙে রাঙিয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল তখনও অবশ্য সুযোগ তৈরি করে চলেছ। ম্যাচের একেবারে শেষ মুহূ্র্তে অবশেষে মিগুয়েলের পা থেকে গোল এল। সেইসঙ্গে তিন গোলের বৃত্তও সম্পূর্ণ ইস্টবেঙ্গলের।






