লর্ডস টেস্টে বল-বিতর্ক গুরুত্বপূর্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষত দ্বিতীয় দিনে ভারত অধিনায়ক শুভমান গিলকে বারবার দেখা গেল আম্পায়ারদের সঙ্গে বল নিয়ে কথা বলছেন। ক্ষোভ প্রকাশ করেছেন মহম্মদ সিরাজ। কিন্তু এই বিতর্কে মুখ খুলতে নারাজ যশপ্রীত বুমরা। দ্বিতীয় দিনের শেষে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে ফাস্ট বোলারের রসিকতা, “আমিকিছু বলতে চাই না। এই নিয়ে মুখ খুললে ম্যাচ-ফি কেটে নেবে! অনেক কষ্ট করে রোজগার করি।”
টেস্টে প্রথম নতুন বল আসে ৮০ ওভারের শেষে। কিন্তু লর্ডসে ডিউকের তৈরি করা ৮০ বলও টিকছে না! শুক্রবার মাত্র ৬৪ ডেলিভারির পরই বদলাতে হল বল। আবার সেই নতুন বলও স্থায়ী হল মাত্র ৪৮ ডেলিভারি!
আগেই ঋষভ পন্থ মুখ খুলেছিলেন নতুন বল দ্রুত নরম হয়ে যাওয়া নিয়ে। এদিন ম্যাচ চলাকালীন ভারত অধিনায়কও ক্ষোভ প্রকাশ করেন।
তবে বলের আকার বদলে যাওয়া এবং বারবার বল বদলানোয় যে অসুবিধা হচ্ছে সেটা গোপন করেননি লর্ডসে পাঁচ উইকেট পাওয়া পেসার। বলছেন, “এবার বলটা আলাদা। আগের সফরগুলিতে এভাবে বারবার বল বদলাতে হয়নি। আগের বলটা দীর্ঘক্ষণ শক্ত থাকত। কিন্তু এখন শক্ত পিচ, গরম আবহাওয়া। হয়তো এসবের জন্য বল বারবার নরম হয়ে যাচ্ছে।”







