বাংলা ক্রিকেটে নতুন তারা। নাম চন্দ্রহাস দাস(Chandrahs Das)।সোমবার চণ্ডীগড়ের বিরুদ্ধে কোচবিহার ট্রফির(Coochbihar Trophy) অনূর্ধ্ব–১৯ ম্যাচে ৩১৯ বলে ৩৩২ রানের এক অসাধারণ ইনিংস খেললেন বাংলার ব্যাটার চন্দ্রহাস দাস।মোট ৫৩টি চার ও ১০টি ছক্কা ছিল তাঁর এই ইনিংসে। CAB জানিয়েছে কোচবিহার ট্রফিতে বাংলার হয়ে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়ার পর চন্দ্রহাস(Chandrahas Das) বললেন,’প্রথমে সেরকম ভাবে টার্গেট কিছু ছিল না। বল অনুযায়ী শট নিয়েছি। তাতেই মাইলস্টোন এসেছে। পরের ইনিংসেও একই ভাবে ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
চন্দ্রহাসের(Chandrahas Das) এই ইনিংসে উচ্ছ্বসিত বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী বললেন ‘দু’বছর ধরে ওকে আমি দেখছি। খুব পরিশ্রমী এবং ফিট। অনূর্ধ্ব–১৯ স্তরে ট্রিপল সেঞ্চুরি এটা সত্যি অভাবনীয়। আমার বিশ্বাস বাকি ম্যাচ গুলোতেও আরও রান করবে ও। চন্দ্রহাসের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’
চন্দ্রহাসের ক্রিকেটযাত্রা শুরু হয় মাত্র আট বছর বয়সে।বাড়ি নিউ টাউন। করুণাময়ীর টোয়েন্টিট ইয়ার্ডস স্পোর্টস স্কুলে ক্রিকেটে হাতেখড়ি ।খুব অল্প দিনের মধ্যেই তার পারফর্মেন্স এর জেরে সকলের নজরে পড়ে চন্দ্রহাস। মাত্র ন’বছর বয়সেই CAB টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে যান। অনূর্ধ্ব–১৩ থেকে অনূর্ধ্ব–১৬, তার পর দ্বিতীয় ও প্রথম ডিভিশন— ধাপে ধাপে উঠে এসেছেন তিনি। বর্তমানে বড়িশা ক্লাবের হয়ে খেলছেন চন্দ্রহাস।







