মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, ২৯ জুলাই মোহনবাগান দিবস পালিত হয়। ঐতিহ্যের সঙ্গে মিশে যায় আবেগ। এবার হয়ত আবেগের মাত্রা একটু বেশি। কারণ, ‘মোহনবাগান রত্ন’ পুরষ্কার পাচ্ছেন ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস। মুখ্যমন্ত্রীর পত্রযোগে শুভেচ্ছা বার্তা সমর্থকদের কাছে মোহনবাগান দিবসের তাৎপর্য নিশ্চয়ই আরও বাড়িয়ে দিয়েছে।
মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আজ ২৯ জুলাই। মোহনবাগান দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করা হবে জেনে খুবই আনন্দিত। কেবল মোহনবাগানের ইতিহাসেই নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯১১ সালের এই দিনেই মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ব্রিটিশ দলকে হারিয়ে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড জিতেছিল।
যা খেলাধুলার ঊর্ধ্বে গিয়ে জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে। এটি নিছকই কেবল জয় নয়, বরং এক অপরিসীম গৌরবের মুহূর্ত ছিল। যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে দেশপ্রেমের উচ্ছ্বাস জাগিয়ে তুলেছিল।’

তিনি আরও লেখেন, ‘গর্বের এই মুহূর্তে আমি সমগ্র মোহনবাগান পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে আরও উচ্চতায় আসীন হবে।’ উল্লেখ্য, মঙ্গলবার দুপুর থেকে একে একে অনুষ্ঠান রয়েছেন মোহনবাগান ক্লাব তাঁবুতে। শুরুতে দুপুরে ক্লাবের অমর একাদশে মাল্যদান। তারপর ক্লাবের পতাকা উত্তোলন। সব শেষে ক্লাব মাঠে প্রাক্তন ফুটবলারদের ফুটবল ম্যাচ। যেখানে অংশ নেওয়ার জন্য প্রতি বছর প্রাক্তন ফুটবলাররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বলতে গেলে মোহনবাগান ডে হচ্ছে, প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের ‘রি-ইউনিয়ন।’







