ইস্টবেঙ্গলে মিগুয়েল ফেরেরা। মোহনবাগানে রবসন রবিনহো। কলকাতার দুই প্রধানে আবার ব্রাজিলিয়ান ফুটবলের ছোঁয়া।
সদ্য কলকাতায় খেলে যাওয়া আর এক ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভা এখন তার দেশে। কিন্তু ইস্টবেঙ্গলের এই স্ট্রাইকার, মিডফিল্ডারের কাছে ক্লাবে যোগ দেওয়া নতুন ফুটবলারদের খবর আছে।
তিনি কি করছেন এখন? কোনও ক্লাব কি তাকে ডাকল? একটি ওয়েবসাইটের সঙ্গে কথা বলা বলার সময় জানিয়েছেন তিনি এখন দেশে ‘সানডে লিগ’ খেলে নিজেকে ফিট রাখছেন। সানডে লিগ কি? একটি আমেচার লিগ। রবিবার বিভিন্ন ক্লাবের প্রাক্তন ফুটবলাররা সেই লিগে খেলেন। যেমন কলকাতায় খেলে যাওয়া আর এক প্রাক্তন ব্রাজিলিয় ফুটবলার ডগলাস সিলভাও খেলেন স্যান্টোস আর পালমেইরাসের হয়ে। সানডে লিগে খেললে রোজগার ভালই হয়। আর অপেক্ষা করছেন যদি আবার ভারতে কোনও ক্লাব তাকে ডাকে।
ক্লেটনের গোলেই কার্লেস কুয়াদ্রাত জমানায় ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে। সেই তিনিই আবার অস্কার ব্রুজোঁর সময়ে চোট আঘাতে জর্জরিত হয়েছিলেন। গোল পাচ্ছিলেন না। শেষে কোচ অস্কারের সঙ্গে জড়িয়ে পড়লেন ঝামেলায়। সুপার কাপের আগেই ক্লাব থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তাঁর সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করা হচ্ছে। সুপার কাপে ক্লেটনহীন ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে ছিটকে যায়।







