বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স – দুই বন্ধু, দুই সতীর্থ, দুই কিংবদন্তি। আর আরসিবিতে তাঁদের বন্ধুত্বটাও কিংবদন্তি হয়ে গিয়েছে। সেই বন্ধু কোহলির সম্পর্কে বিরাট মূল্যায়ন এবির। তিনি জানিয়ে দিলেন, বন্ধুত্ব হওয়ার আগে চিনতাম বিরাটকে, কিন্তু পছন্দ করতাম না। কারণ ও এত ভাল ক্রিকেটার এবং আমারই মত এত লড়াকু যে ওর বিরুদ্ধে খেলাটা ছিল সত্যিই খুব যন্ত্রণার।
১৪ বছর পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। সেই অবসর নিয়ে বিশেষজ্ঞদের নানান মূল্যায়ন। নানা মত। কেন এত তাড়াতাড়ি অবসর নিলেন, সেটা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। কৃষ্ণমাচারি শ্রীকান্ত তো বলেই দিয়েছেন তিনি এখনও নিবার্চক প্রধান থাকলে কোহলিকে সিদ্ধান্ত বদলাতে রাজি করাতেন। এবং বোর্ডের উচিত ছিল, কোহলিকে নেতৃত্ব দেওয়া। মনে করেন চিকা।
এমন আবহেই কোহলি সম্পর্কে এমন মূল্যায়ন করে বন্ধুর প্রতি তাঁর কতটা শ্রদ্ধা, এবি বুঝিয়ে দিলেন আবার। ডিভিলিয়ার্স জানান, যখন দুজনে প্রতিপক্ষ দলে খেলতেন, তখন দুজনের একই রকম লড়াকু মানসিকতা হওয়ায় অনেক অসন্তাষ তৈরি হত। কিন্তু যখন ওকে ভালভাবে জানলাম, তখন আমরা ফ্যামিলি ফ্রেন্ড হয়ে উঠলাম। ভাই হয়ে উঠলাম। এবং উইকেটে দুজনের জুটিটাও উপভোগ করতে লাগলাম।
২০১১ সালে এবি আরসিবিতে যোগ দেন। ২০২১-এ আইপিএলের পর অবসর নেওয়ার আগে পর্যন্ত ১১ বছর কোহলির সঙ্গে জুটি বেঁধে খেলেছেন। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা জুটি। আইপিএলের ইতিহাসে জুটিতে সবচেয়ে বেশি রান। ৭৬ ম্যাচে ৩ হাজার ১২৩ রান। দশটি শতরানের পার্টনারশিপ। সেই বন্ধুর অবসরের সময় এবি তো একটু বেশি আবেগপ্রবণ হবেনই!







