বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে, বেভিস। এখানেই শেষ নয়। তালিকায় আরও অনেকে আছেন। যাঁরা এবারের আইপিএলে নজর কেড়েছেন। সেই সব তরুন ক্রিকেটারদের কাছে মহেন্দ্র সিং ধোনির বার্তা পৌঁছে গেল।
মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হারার পর পুরস্কার মঞ্চে এসে অনেক কথাই বললেন ধোনি। যা শুনে আইপিএলে খেলা তরুন ক্রিকেটারদের কাজে দেবে।
এমনিতে সিএসকের খেলা থাকলে একটা ছবি প্রায়শই দেখা যায়। ধোনিকে খুঁজে নিয়ে ক্রিকেটাররা তাঁর সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। সেখানে শুধু তরুন ক্রিকেটার নয়, সিনিয়ররাও ভিড় করেন। কাউকেই ফিরিয়ে দেন না ধোনি। সবাইকে সময় দেন। তাঁদের সমস্যার সমাধান করে দেন। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ শেষে একই ছবি। বৈভব সূর্যবংশী এগিয়ে গেলেন ধোনির কাছে। হাত মেলালেন না। পায়ে হাত দিয়ে প্রনাম করলেন। কিংবদন্তী ধোনি দুহাত বাড়িয়ে তাঁকে তুলে নিলেন। কথাও বললেন।
বৈভবের সঙ্গে ধোনির কি কথা হয়েছে তা জানা যায়নি। তবে পুরস্কার মঞ্চে এসে তাঁদের নিয়ে অনেক কথাই বললেন ধোনি। প্রত্যাশার চাপে পড়ে গেলে কি করতে হবে। কাদের সাহায্য নিতে হবে। এমন অনেক কথাই তিনি বললেন।
তো কি বললেন ধোনি। সেটা বরং শুনে নেওয়া যেতে পারে। এবারের আইপিএলে তরুনরা নজর কেড়েছে। ওরা গোটা টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রেখে এগোতে চেষ্টা করেছে। কিন্তু সব সময় ২০০ স্ট্রাইক রেট রেখে এগোতে গিয়ে ধারাবাহিকতা ধরে রাখা যায় না। ওরা প্রত্যাশার চাপে পড়ে নিজেদের হারিয়ে ফেলে। কারন, এটা সব সময় সম্ভব হয়ে ওঠে না। যে কোনও মুহূর্তে ওভার বাউন্ডারি মারার ক্ষমতা ওদের আছে। তাদের আমার একটা কথাই বলার আছে। চাপে পড়ে নিজেকে হারিয়ে ফেল না। কারন তোমাদের উপর প্রত্যাশার চাপ বাড়বে। তখন তোমার একটাই কাজ, সিনিয়রদের সঙ্গে কথা বলো। কোচের সঙ্গে বসে পড়। সাপোর্ট স্টাফদের সঙ্গে সময় দাও। এভাবে নিজেদের খেলাকে পড়ে নিতে হবে। তরুনদের কাছে এটাই আমার বার্তা। উপদেশও বলা যেতে পারে।
নিজের দল নিয়ে কথা বলতে গিয়ে ধোনি বলেন, ব্রেভিস আমাকে চমকে দিয়েছে। ঝুঁকি নিয়ে খেলে। বড় রানের ইনিংস খেলতে গেলে কিছুটা ঝুঁকি তো নিতেই হবে। সেই সময় আমরা নিজেদের ভাল জায়গায় নিয়ে যেতে পেরেছি। রান রেট বেড়ে যাচ্ছিল। কিন্তু একটা সমস্যাও হয়েছিল। আমরা শুরুতে বেশ কিছু উইকেট হারিয়ে ফেলেছিলাম। সেটাই মিডলঅর্ডারদের চাপে ফেলে দেয়। এটা না হলে আমরা বোর্ডে আরও বএশি রান দেখাতে পারতাম। কামবোজও ভাল করছে। দিন যত এগোচ্ছে, ওর খেলার প্রতি বৈচিত্র দেখতে পাচ্ছি। বলকে ভাল মুভ করাতে পারে। ধারাবাহিকতা ধরে রেখে এভাবে ওরা এগিয়ে যেতে পারলে ভবিষ্যতে উন্নতি করতে পারবে।







