মাধি তালালকে(Madih Talal) নিয়ে ইস্টবেঙ্গলের(Eastbengal) এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। এই ফরাসি ফুটবলারকে অস্কারের(Oscar Bruzon) অপছন্দ। রাখতে চাইছেন না তিনি। আবার মাধিও নাকি কোনওরকম সমঝোতার পথে হাঁটতে চাইছেন না। অর্থাত্ যে টাকা তাঁর পাওয়ার কথা সেটাই তিনি চাইছেন। আর তাতেই যত সমস্যায় পড়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে পরিস্থিতি যে বেশ জটিল তা বলার অপেক্ষা রাখে না।
গত মরসুমের আইএসএলের(Indian Super League) মাঝেই এসিএল চোট পেয়ে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন মাধি তালাল। এখনও পর্যন্ত মাঠে ফেরার মতো অবস্থায় নেই তিনি। যদিও শোনা যাচ্ছে তিনি নাকি রিহ্যাব শুরু করেছেন। এবার আইএসএল শুরু হচ্ছে দেরীতে। মনে করা হচ্ছিল এই ফরাসি তারকা ফুটবলারকে বোধহয় ইস্টবেঙ্গল(Eastbengal) নিয়ে আসবে। কিন্তু সেখানে আবার বাধ সেধেছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ।
মাধি তালালকে(Madih Talal) তাঁর নাকি পছন্দ নয়। তিনি একজন ভালো বিদেশি স্ট্রাইকারকে দলে চাইছেন। সেই মতো ইস্টবেঙ্গল মাধি তালালের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল। যদি কোনও একটা সমঝোতা করা যায়। তবে মাধিকে ছেড়ে দেওয়া যাবে। কিন্তু মাধি(Madih Talal) নাকি সমঝোতার পথে হাঁটতে নারাজ। পুরো টাকা পেলে তবেই তিনি ক্লাব ছাড়বেন। তাঁর সঙ্গে এখনও চুক্তির মেয়াদ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের। আর এতেই ইস্টবেঙ্গল খানিকটা ব্যাকফুটে। সূত্রের খবর মাধি তালালের বেতনের অর্থ আটকে রাখলেও, এই মাসের মধ্যেই নাকি সেই টাকা দিয়ে দেওয়া হবে। কারণ ইস্টবেঙ্গলের থিঙ্ক ট্যাঙ্কের আশঙ্কা মাধি যদি ফিফার কাছে চলে যায়। সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেই কথা মাথায় রেখেই মাধিকে তাঁর বেতন দেওয়ার পদ্ধতিটাও শুরু করে দিতে চলেছে তারা।
অন্যদিকে আবার মাধিকে দলে রাখতে নারাজ ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁও(Oscar Bruzon)। তিনি এই মরসুমে একজন ভালো স্ট্রাইকার দলে নিতে চাইছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে পছন্দও করে ফেলেছেন তিনি। তাদের তালিকা করে হেড অব ফুটবলের কাছেও দিয়ে দিয়েছেন অস্কার ব্রুজোঁ। সূত্রের খবর তাদের সঙ্গে এক প্রস্থ কথাবার্তাও হয়ে গিয়েছে। তবে জানুয়ারি উইন্ডোর আগে নেওয়া সম্ভব নয়। কিন্তু সমস্যা তো সেই মাধিকে ছাড়া নিয়েই। অর্থাত্ মাধিকে রেখেই যে নতুন বিদেশি ইস্টবেঙ্গলকে রাখতে হবে তা বলার অপেক্ষা রাখে না।







