মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। শুধুই কি একটা ফুটবল ম্যাচ? না। এটা বাঙালির হৃদয়ের স্পন্দন, উৎসব, সংস্কৃতি। আর এই লড়াইকে ঘিরে গোটা বাংলা যেন দম আটকে বসে থাকে। শনিবার কল্যাণী স্টেডিয়ামে সেই ঐতিহ্যেরই সাক্ষী থাকল CFL ডার্বি।
গ্যালারির এক কোণে দেখা গেল সাদা কাছা গায়ে এক সমর্থককে। তার চোখে জলের রেশ। জানতে চাওয়া মাত্র বলল, “বাবা নেই আর। তিনিই ছিলেন ইস্টবেঙ্গলের বড় সমর্থক। আজ ওঁর জন্যই এসেছি মাঠে।” অভিভাবকহীন সেই তরুণ যেন শুধু খেলা দেখতে আসেনি, এসেছিল বাবার স্মৃতিকে সম্মান জানাতে।
অন্যদিকে, সবুজ-মেরুন পতাকা হাতে স্টেডিয়ামে হাজির এক প্রতিবন্ধী সমর্থক। হুইলচেয়ারে বসে গলা ফাটিয়ে চিৎকার করছিলেন “জয় মোহনবাগান!” তাঁর মুখেও ছিল এক অনমনীয় জেদ— জীবনের লড়াইয়ের মধ্যেও প্রিয় দলের পাশে থাকা।
আজকের ডার্বি শুধুমাত্র স্কোরবোর্ডে সীমাবদ্ধ থাকলো না, এর চেয়েও বড় হয়ে উঠল মানুষের আবেগ, যন্ত্রণার সঙ্গে মিশে থাকা ভালোবাসা। মাঠে ইলিশ আর চিংড়ির টক্কর, গ্যালারিতে জীবন আর অনুভবের কোলাজ।
কল্যাণী স্টেডিয়ামের ঘাস ছুঁয়ে গেল সেইসব গল্প, যা ফুটবলকেই পরিণত করে এক জীবন্ত রূপকথায়।







