আবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে নির্বাসনের হুমকি দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। চিঠির মূল বক্তব্য, ৩০অক্টোবরের মধ্যে ফিফা আর এএফসি-র গাইডলাইন মেনে নতুন সংবিধান তৈরি এবং তার প্রণয়ন না করতে পারলে এআইএফএফকে আবার নির্বাসনের মুখে পড়তে হবে।
এর আগে ২০২২ সালে ফিফা নির্বাসিত করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনকে। সেই নির্বাসন তোলার জন্য দ্রুত নির্বাচন করে একটা কমিটি তৈরি করা হয়েছিল। যার মাধ্যমে ক্ষমতায় আসেন বর্তমান এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। যদিও তখনই ঠিক হয়েছিল, সংবিধান তৈরি করে নতুন করে নির্বাচন হবে। সেটা নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছিল। তার শুনানি শেষ, দ্রুত তার রায়দানও করা হতে পারে।
কিন্তু ফিফার পর্যবেক্ষণ, ভারতীয় ফুটবল ফেডারেশনের যারা ক্ষমতায় রয়েছে, তারা কোনও ভাবেই এই নতুন সংবিধান তৈরির জন্য উদ্যোগ নেয়নি। এমনকী নির্বাচন করা নিয়েও আশ্চর্যজনকভাবে ‘নীরব’ তারা। এই পরিস্থিতি দেখে দু’পাতার চিঠির ছত্রে ছত্রে ফিফা ফেডারেশনকে ভর্ৎসনা করেছে।
ফিফার চিঠিতে বলা হয়েছে ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। ফিফা ও এএফসি’র নিয়মনীতি অনুসারে এআইএফএফের সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। এআইএফএফের পরবর্তী সাধারণ সভায় এই সংবিধানকে অনুমোদিত করতে হবে। আর এই পুরো প্রক্রিয়াটা করতে হবে চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে। আর এই সময়সীমার মধ্যে ব্যর্থ হলে ফিফা পদক্ষেপ নিতে বাধ্য হবে। আর সেটা যে নির্বাসন, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।







