নতুন ভাবে সেজেছে ইস্টবেঙ্গল(Eastbengal) ক্লাবের মাঠ প্রাঙ্গন। সেখানেই সুপারসিক্সের প্রথম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। ইউনাইটেড কলকাতার(UKSC) বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সও করেছে তারা। ম্যাচও জিতেছে। কিন্তু এতকিছুর মাঝেও খারাপ খবর ইস্টবেঙ্গলে। মাঠে ফ্লাড লাইট থাকলেও ঘরের মাঠে সেই আলোতে খেলার উপায় নেই লাল-হলুদ ফুটবলারদের। কারণ ইস্টবেঙ্গল(Eastbengal) মাঠের ফ্লাড লাইটের(Flood Light) বৈদ্যুতিন সামগ্রী চুরি হয়ে গিয়েছে। আর তাতেই ফ্লাড লাইটের নীচে খেলার সম্ভাবনা আপাতত শেষ।
দুপুরে ম্যাচ। ইস্টবেঙ্গল(Eastbengal) ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে। কিন্তু গ্যালারী ভরেনি। স্বভাবতই লাল-হলুদ শিবিরের শীর্ষকর্তার কাছে প্রশ্ন উঠেছিল। তাঁর মুখেই উঠে এসেছিল যে দুপুরের ম্যাচের জন্য অফিস থেকে অনেক সমর্থকই হয়ত আসতে পারেননি। সেই সময়ই ফ্লাড লাইটে খেলানোর কথা ওঠে। এরপরই দেবব্রত সরকারের কথায় কার্যত সকলে হতবাক। ইস্টবেঙ্গল ক্লাবের ফ্লাড লাইটের বৈদ্যুতিন সরঞ্জাম নাকি বেশ কয়েকদিন আগে চুরি হয়ে গিয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও খানিকটা যেন হতাশ লাল-হলুদ ক্লাবের কর্তারা।

শীর্ষকর্তা দেবব্রত সরকারের(Debabrata Sarkar) কথায়, “রাস্তার দিকের ফ্লাড লাইটের প্লাগ গুলো চুরি হয়ে গিয়েছে। এমনটা কীভাবে হয় তা বুঝতে পারছি না। তবে খুবই খারাপ ব্যপার। প্রায় ১২ থেকে ১৪ লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে। এটা আমাদের গ্যালারীও নয়। পিডব্লুডি দেখা শোনা করে। আবার মেরামতির কাজ শুরু হয়েছে”।
চুরির অভিযোগ পুলিশের কাছে দায়েরও করা হয়েছিল বেশ কয়েকদিন আগে। পুলিশ তদন্তও শুরু করেছিল। কিন্তু এরপর আর ক্লাবের কাছে কোনও খবর নেই। ইস্টবেঙ্গল সুপার সিক্সের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে। কিন্তু এই গরমে প্রিয় ক্লাবের খেলা ঘরের মাঠে ফ্লাড লাইটে দেখার কোনও উপায় আর রইল না লাল-হলুদ সমর্থকদের।







