না, আত্মতুষ্টি আনা যাবে না। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল প্রতিপক্ষ মেসারার্সকে মশালের আলোয় জ্বালিয়ে দিয়েছিল। এবার সামনে সুরুচি সংঘ। যাদের কোচ আবার রঞ্জন ভট্টাচার্য। তাই ইস্টবেঙ্গল একদিকে আত্মতুষ্টির ভয় অন্যদিকে প্রতিপক্ষ সম্পর্কে একটা অজানা ভীতি কাজ করতে শুরু করেছে।
ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানিয়ে দিলেন, প্রথম ম্যাচ অনায়াসে জেতায় তিনি নিঃসন্দেহে খুশি হয়েছেন। তঁার এখন একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন হওয়া। তাই তঁাকে বলতে শোনা গেল, “দেখুন আমরা ম্যাচ অনায়াসে জিতেছি। কোনও প্র্যাকটিশ ম্যাচ না খেলে প্রথম লিগের খেলা খেলতে নেমে এভাবে জয় দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমি আত্মতুষ্ট নই। জানি প্রথম ম্যাচে বেশ কিছু জায়গায় আমাদের খেলা ভাল হয়নি। তাই যেসব জায়গায় দুর্বলতা রয়েছে সেসব জায়গাকে ঠিক করতে হবে।”

কড়া নজরে চলছে ইস্টবেঙ্গলের নিবিড় অনুশীলন।
“কলকাতা লিগের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এখানে খেলতে গেলে অনেক কিছু মানিয়ে নেওয়ার প্রয়োজন আছে। খুব সহজে ম্যাচ জেতা যায়না। প্রতিটি দল বেশ ভাল খেলে। তাই এটুকু বুঝেছি, প্রতিটি জায়গায় যদি উন্নতি করতে না পারি তাহলে লিগে ভাল কিছু করা অসম্ভব। সেইদিকে তাকিয়ে এগোতে হচ্ছে।” বললেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। গতবার লিগের ফয়সালা আটকে আছে আদালতের দুয়ারে। এবার তাই পাখির চোখ করে ফেলেছেন বিনো জর্জ, লিগ পেতেই হবে। সেই কারণে বিনোকে বলতে শোনা গেল, “আমার একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন হওয়া। তাই জানি, সেই লক্ষ্যে পৌছতে গেলে কাজটা মোটেই সহজ হবে না। সেই কারণে সর্বশক্তি দিয়ে ঝঁাপাতে চাই। দলের যাবতীয় দুর্বলতা কাটিয়ে তুলতে হবে। এখন সেদিকেই বেশি করে নজর দিচ্ছি।” মনতোষ মাজি চোটের কারণে বৃহস্পতিবার প্র্যাকটিশ করেননি। হয়তো খেলবেন না।







