এখনও তিন দিন বাকি লর্ডসে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হতে। ইংল্যান্ডের চিফ কোচ ব্রেন্ডন ম্যাকালামের অনুরোধ ছিল লর্ডসের পিচ কিউরেটরের কাছে লর্ডসে যেন সবুজ ঘাসের পিচ তৈরি করা হয়। যাতে ইংল্যান্ডের পেসাররা বাড়তি সুবিধে পান পিচ থেকে।
মঙ্গলবার গৌতম গম্ভীর আর ব্যাটিং কোচ সীতাংশু কোটাক লর্ডসে নেমে সেই পিচই চাক্ষুষ করলেন। ‘গ্রিন-টপ’ পিচ বানানো হয়েছে! সবুজ ঘাসের আস্তরণ আগামি তিন দিনে আর কতটাই বা ফিকে হবে?
জুনেই এই লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। যে টেস্টে প্রাধান্য ছিল পেসারদেরই। দু’দলই ২০০ রান তুলতে হিমসিম খেয়েছে। যদিও চতুর্থ ইনিংসে ব্যাটিং করা সহজ হয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা ২৮২ রানের টার্গেটে পৌঁছেছিল পাঁচ উইকেট হারিয়ে। সেঞ্চুরি করেছিলেন এইডেন মাকরাম। দক্ষিণ আফ্রিকার ৩টে উইকেট নিয়েছিলেন স্পিনাররা।
ভারত কি তাহলে একজন স্পিনার নিয়ে খেলবে? পাঁচ টেস্টের সিরিজ এখন ১-১ হয়ে আছে। তৃতীয় টেস্টের আকর্ষণ স্বাভাবিকভাবেই তুঙ্গে।
মঙ্গলবার ‘ঐচ্ছিক ট্রেনিং’ ছিল ভারতীয় দলের। মাত্র ১১ জন ক্রিকেটারকে নেটে দেখা গিয়েছে প্র্যাক্টিস করতে। শুবমান গিল, ঋষভ পন্থ, সিরাজ, আকাশদীপরা অনুশীলন করেননি। নেটে ঘাম ঝরালেন সাত বছর পর জাতীয় দলে ফেরা করুণ নায়ার। সাই সুদর্শনের জন্য প্রথম একাদশে ঢুকতে পারেননি এখনও পর্যন্ত। তবু হাল ছাড়ছেন না এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।







