মঙ্গলবার এক বছরের চুক্তিতে সই করলেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি, মরক্কোর জাতীয় স্ট্রাইকার হামিদ আহদাদ। ৩০ বছরের আহদাদ সেন্টার ফরোয়ার্ড এবং উইঙ্গার পজিশনে খেলতে পারেন। ফরওয়ার্ডকে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়ো। তিনি বলেছেন, ‘‘আহদাদ মূলত সেন্টার ফরোয়ার্ড হলেও লেফট উইংয়ে খেলতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও ব্যবহার করা যাবে। গোল করার দক্ষতা দুর্দান্ত। মরক্কো এবং মিশরের একাধিক শীর্ষস্তরের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতাও রয়েছে। আহদাদ যোগ দেওয়ায় আমরা লাভবান হব।’’
লাল-হলুদ শিবিরে যোগ দিয়ে উচ্ছ্বসিত আহদাদও। তিনি বলেছেন, ‘‘এই ক্লাব সম্পর্কে অনেক কিছু শুনেছি। শতবর্ষ প্রাচীন এমন একটা ক্লাবে যোগ দিতে পারা আমার জন্য সম্মানের। আমি জ়ামালেক এফসির হয়ে খেলেছি। ডার্বি কী জিনিস জানি। ডার্বির চাপ, উত্তেজনা সম্পর্কে ধারণা রয়েছে। আশা করি কলকাতা ডার্বিও উপভোগ করব। ডার্বি খেলার অপেক্ষায় রয়েছি। এশিয়ার অন্যতম বড় ডার্বি। ক্লাব এবং সমর্থকদের জন্য নিজের সেরাটা দিতে চাই। যত বেশি সম্ভব ট্রফি জিততে চাই।’’







