বিসিসিআইয়ের(BCCI) সভাপতি কি এবার হরভজন সিং(Harbhajan Singh)। পজার বিনির পরবর্তী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। কয়েকদিন আগে সেখানে সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) নাম শোনা গিয়েছিল। যদিও শেষপর্যন্ত তা হচ্ছে না। তিনি নিজেই সেই কথা জানিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই শোনা যাচ্ছে হরভজন সিংয়ের কথা। সূত্রের খবর পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের(Punjab Cricket Association) তরফেও নাকি তাঁকে মনোনীত করার পরিকল্পনা ইতিমধ্যে হয়ে গিয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) বিসিসিআইয়ের(BCCI) সভাপতি হওয়ার পর থেকেই বোর্ডের সভাপতি হওয়ার ধারাটা বদলে গিয়েছে। তারকা প্রাক্তন ক্রিকেটারকেই এখন বোর্ড সভপতি করার পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। সৌরভের মেয়াদ শেষ হওয়ার পরই ভারতীয় ক্রিকেটের মসনদে বসেছিলেন বিশ্বকাপ জয়ী রজার বিনি(Roger Binny)। এবার শোনা যাচ্ছে হরভজন সিংকে নাকি পঞ্জাব ক্রিকেট সংস্থা মনোনীত করতে চলেছেন।
যদিও এই প্রসঙ্গে বোর্ড কিংবা হরভজন সিংয়ের(Harbhajan Singh) তরফ থেকে এখনই সেভাবে কিছু বলা হয়নি। এবারের আবার নতুন নিয়ম হয়েছে রাজ্য সংস্থা যাকে মনোনীত করবেন তিনিই লড়তে পারবেন বোর্ড সভাপতি হওয়ার জন্য। সেখানে হরভজন সিং(Harbhajan Singh) যে বেশ জোরালো প্রার্থী তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলের জার্সিত বহু সাফল্য রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৩৭৬টি ম্যাচ। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ৭০০ উইকেট। এছাড়াও আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদও হয়ছিলেন এই ৪৫ বর্ষীয় তারকা ক্রিকেটার।
এই মাসের পর থেকেই শুরু হয়ে যাবে বোর্ড নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া। এই মাসের ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্তই মনোনয়ন জমা দেওয়া যাবে। এরপর ২০২৩ সালে মনোনয়ন প্রত্যাহার করার দিন ধার্য করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর হবে বিসিসিআইয়ের নির্বাচন। সেদিন আবার এশিয়া কাপের ফাইনালও রয়েছে।
শুধুমাত্র সভাপতি পদের লড়াই-ই নয়। বোর্ডের আরও অন্যান্য পদের লড়াইও হবে একইসঙ্গে। আপাতত লোঢা নিয়ম মেনেই তৈরি হচ্ছে নির্বাচনের খসড়া। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। তবে অনেকেই মনে করছেন যে হরভজন সিং নাকি লড়াইয়ে খানিকটা এগিয়েই রয়েছেন।







