জয়িতা দে
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো রয়েছে, তবে হোসে ব্যারেটোর এই মুহূর্তে প্রধান লক্ষ্য হল তাঁর দলের ফুটবলারদের মদ্যে একাত্ম বোধ জাগিয়ে তোলা। বিএসএলের দল গঠন হয়ে গিয়েছে। সময় নষ্ট নয়। হাওয়া-হুগলী ওয়ারিয়র্স মাঠে নেমে পড়েছে প্রস্তুতিতে। প্রতিযোগিতায় যাতে কোনওরকম খামতি না থাকে সেইভাবেই চলছে ব্যারেটোর প্রস্তুতি। ফুটবলারদের সঙ্গে বারবার কথা বলে সমস্তকিছু সঠিকভাবেই পর্যবেক্ষণে রেখেছেন ব্যারেটো। শেখ সাহিল, আজহারউদ্দিন মল্লিক, লালসাঙ্গাদের মতো ফুটবলারদের তুলে নিয়েছে এবার হাওড়া-হুগলী ওয়ারিয়র্স। দলকে চ্যাম্পিয়ন তো অবশ্যই দেখতে চান, তবে এখন ম্যাচ বাই ম্যাচই ভাবছেন ব্যারেটো।
একসময় ক্রিকেটের ভক্ত থাকলেও, এখন হাওড়া-হুগলীর কর্ণধার নিখিল শাহ মনে প্রাণে একজন ফুটবল পাগল মানুষ। কাজ ছেড়ে নিজের দলের সঙ্গেই প্রস্তুতিতে রয়েছেন তিনি। সাফল্যের লক্ষ্যে রয়েছেন। একইসঙ্গে শ্রাচী, আইএফএ এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ধন্যবাদও জানালেন।
বেছে বেছে ফুটবলারদের তুলে এনেছেন তারা। দলের টিম ম্যানেজারের পাশাপাশি হোসে ব্যারেটোর সঙ্গে নানান আলাপচারিতার পরই উঠে এসেছেন ফুটবলাররা। হাওড়া-হুগলী ওয়ারিয়র্সে রয়েছেন মোহনবাগান, ইস্টবেঙ্গলে খেলা তারকা ফুটবলাররা। এই দলেই আবার রয়েছেন জীতেন মুর্মুও। সব মিলয়ে হাওড়া-হুগলী ওয়ারিয়র্স যে বেশ শক্তিশালী দল গড়েছে তা বলাই যায়।







