কে বসবেন রোহিত শর্মার হটশিটে? কে হবেন ভারতের পরবর্তী অধিনায়ক? চলছে আলোচনা। প্রাক্তনরা জানাচ্ছেন নিজের নিজের মতামত। আলোচনায় রয়েছে চারটি নাম। জসপ্রীত বুমরা, শুভমন গিল, ঋষভ পন্থ ও কেএল রাহুল। আর ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে আলোচনার মধ্যেই রীতিমত বোমা ফাটালেন রবি শাস্ত্রী।
শাস্ত্রী বলেন, জসপ্রীত বুমরাকে অধিনায়ক করার কথা একেবারেই ভেবো না। কারণ হিসাবে তিনি বুমরার চোট আঘাতের সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি দলের সেরা বোলারের ওপর তিনি নেতৃত্বের বোঝাও চাপাতে চান না।
তাহলে কাকে অধিনায়ক করা উচিত সে ব্যাপারেও শাস্ত্রী স্পষ্টভাবে নিজের মত জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতের কথা ভাবতে হবে। এখন থেকেই শুভমন গিল বা ঋষভ পন্থকে অধিনায়ক হিসাবে গড়ে তুলতে হবে। তবে গিলের দিকেই কিছুটা ঝুঁকে রবি। যাঁরা গিলের অ্যাওয়ে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের উড়িয়ে দিয়ে শাস্ত্রী জানান, ভবিষ্যতে অনেক বেশি সাফল্য পাওয়ার দক্ষতা ও সম্ভাবনা গিলের আছে।
এদিকে খবর ও ঘটনা প্রবাহ যেদিকে চলেছে, তাতে বোঝা যাচ্ছে, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা ও কেএল রাহুলকে টপকে ভারতের অধিনায়কত্বের দৌড়়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন শুভমন গিল।
একদিকে যেমন খবর, অধিনায়ক হতে চলেছেন সম্ভবত গিল, তেমনি কিছু ইঙ্গিতবাহী ঘটনাও ঘটছে।
সংবাদ সংস্থার খবর, গৌতম গম্ভীরের দিল্লির বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেছেন গিল। অন্তত ৪-৫ ঘন্টা তাঁদের মধ্যে কথা হয়েছে। এছাড়া গত ৬ মে মুম্বইয়ে আইপিএল ম্যাচের পর গিলের সঙ্গে একান্তে কথা বলেছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তাই হাওয়া বইছে গিলের অনুকূলেই।







