ছেলেদের খেলায় ভারত যত পিছিয়ে পড়ছে, ঠিক উল্টো ছবি ধরা পড়ছে মেয়েদের ক্ষেত্রে। যেখানে মেয়েরা একপ্রকার ভারতীয় ফুটবলের ধারক-বাহক হয়ে উঠছে। বুধবার গুঁড়িয়ে দিল ইরাককে। এএফসি এশিয়ান কাপে মেয়েদের ফুটবল খেলায় ভারত ৫-০ গোলে জিতে গিয়েছে। জয়ের ফলে গ্রুপ বি-তে শীর্ষ স্থান ধরে রাখার দৌড়ে অনেকটা এগিয়ে গেল ভারত।
ছেলেদের খেলা হলে ধরেই নেওয়া যায় ইরাকের কাছে ভারতের হার ছিল নিশ্চিত। কিন্তু মেয়েরা দেখাল উল্টো ছবি। যেখানে ইরাককে দঁাড়াতেই দিল না মহিলা ফুটবলাররা। ভারতের পক্ষে গোলগুলি করেন সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যাণ, কার্তিকা অঙ্গামুথু, নির্মলা দেবী ও রতনবালা দেবী। ব্লু টাইগার্সরা তিন ম্যাচ থেকে সংগ্রহ করে ফেললো ৯ পয়েন্ট। গ্রুপ লিগে ভারতকে শেষ ম্যাচ খেলতে হবে থাইল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচের ফলাফল বলে দেবে কারা যাবে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে। ভারত যে এভাবে খেলবে অনেকে তা ভাবতে পারেননি। সকলে ভেবেছিলেন, ইরাক নিশ্চয় কঠিন চ্যালেঞ্জ ছঁুড়ে দেবে সঙ্গীতাদের। কিন্তু খেলার সময় যত গড়িয়েছে ততই অসহায় লেগেছে ইরাককে।
হেরে ইরাক প্রতিযোগিতা থেকে ছিটকে গেল। মঙ্গোলিয়া ও তিমোর লেস্তের সঙ্গে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে বাধ্য হল ইরাক। এখন ভারত ও থাইল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে ভারতের যা পারফরম্যান্স তাতে ধরে নেওয়া যায়, থাইল্যান্ডকে হারাতে মনে হয়না বিশেষ সমস্যা হবে। ভয় শুধু একটা জায়গায়, থাইল্যান্ড খেলবে নিজেদের মাঠে। ভারত যদি শব্দব্রম্ভ কাটিয়ে নিজেদের খেলা খেলতে পারে তাহলে ভালো ফলের কিছু আশা করা যেতেই পারে।







