ওভালে পঞ্চম এবং শেষ টেস্টে ভারতের প্রথম একাদশে আবার কয়েকটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা। ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হওয়ায়, সিরিজে এখনও ভারত ১-২ ফলে পিছিয়ে। তাই মরণ-বাঁচনের শেষ টেস্টে ভারতের থিঙ্ক-ট্যাঙ্ক প্রথম একাদশে আবার বদল আনতে চাইছে।
পিটিআই-এর একটি রিপোর্ট জানাচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে দুর্বল পারফরম্যান্স করা পেসার অংশুল কাম্বোজকে বাদ দিয়ে ফের ফিট হয়ে ওঠা আকাশ দীপকে দলে ফেরানো হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং-ও হাতের চোট কাটিয়ে উঠেছেন এবং তিনিও সুযোগ পেতে পারেন। যদিও প্রধান কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন যে ওভালে শেষ টেস্টের আগে এই মুহূর্তে সব পেসারই সুস্থ।
শুধু জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ খেলবেন কিনা তা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন গম্ভীর। বুমরা জানিয়েছিলেন তিনি এই সিরিজে তিনটি টেস্ট খেলবেন, এবং তার তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। তারপরও ওভালে তাকে দেখা যেতে পারে কারণ, ওভাল টেস্টই ভারতের কাছে সিরিজ-নির্ণায়ক।
তাও যদি বুমরা ওভালে না খেলেন, সেক্ষেত্রে অর্শদীপের ফেরার সম্ভাবনা প্রবল। একইসঙ্গে, পিটিআই-এর রিপোর্টে কুলদীপ যাদবকে প্রথম একাদশে নেওয়ার দাবি আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে। কুলদীপ অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় আসতে পারেন। প্রথম ইনিংসে শার্দুল ব্যাট হাতে ৪১ রান করলেও, পুরো টেস্টে ১১ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি।
ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন,“আমরা কুলদীপকে দলে আনার চেষ্টা করছি, কিন্তু তার জন্য আমাদের টপ ছয় ব্যাটারদের কাছ থেকে আরও ধারাবাহিক রান দরকার, যাতে আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পারি। কুলদীপ বিশ্বমানের এবং এখন দারুণ বোলিং করছে। তাই আমরা তাকে জায়গা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।”
যাই হোক ওভালে একটি পরিবর্তন নিশ্চিত। ধ্রুব জুরেল আসছেন ঋষভ পন্থের পরিবর্তে। পন্থ চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন এবং আগের ম্যাচে উইকেটকিপিং করা জুরেল এবার পুরোপুরি প্রথম একাদশে থাকবেন। তবে তিনি ঠিক কোন পজিশনে ব্যাট করবেন, সেটাই দেখার বিষয়। কারণ, ম্যাঞ্চেস্টারে রাবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর পাঁচ ও ছয়ে ব্যাট করে দারুণ পারফর্ম করেছেন।







