ভাগ্য ফেরাতে এবার এক অভিনব সিদ্ধান্ত ভারতীয় দলের(India Team)। রবিবার ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া(INDvNZ)। তার আগেই বদলে গেল ভারতের টিম হোটেল থেকে স্টেডিয়ামে ড্রেসিংরুমও। সবই নাকি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের(Narendra Modi Stadium) সেই অভিশপ্ত রাতের স্মৃতি মুছতেই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গেই অনেকে আবার এর পিছনে কুসংস্কারও দেখতে পাচ্ছে। তবে শেষপর্যন্ত ভারতের ভাগ্য বদল হয় কিনা সেটা তো সময়ই বলবে।
২০২৩ সালের ১৯ নভেম্বর। ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমেও শেষপর্যন্ত চুপ করে গিয়েছিল গোটা স্টেডিয়াম। আবারও একটা ফাইনাল। সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল(INDvNZ)। তার আগেই যেন অত্যন্ত সতর্ক টিম ম্যানেজমেন্ট।
গতবার যে হোটেলে ভারতীয় দল ছিল সেই হোটেল এবার বদলে ফেরা হয়েছে। আইটিসি নর্মদাতে ছিল টিম ইন্ডিয়া। সেখানে থেকে গতবার হেরেছিল তারা। সেই কারণেই নাকি এবার বদলে ফেলা হয়েছে হোটেল। শুধু কী হোটেল, স্টেডিয়ামে নিজেদের ড্রেসিংরুমও বদলে ফেলেছে ভারতীয় দল। হোম টিমের ড্রেসিংরুম নয়, বরং অ্যাওয়ে দলের ড্রেসিংরুমই এবার সূর্যকুমার, সঞ্জু স্যামসনদের জন্য নতুন ড্রেসিংরুম। শোনাযাচ্ছে এ সবই নাকি সংস্কারবশতই করছে ভারতীয় দল।
এমনকি হোলির আগের দিন চন্দ্রগ্রহনের জন্য মুম্বইতে নিজেদের প্রস্তুতিও পিছিয়ে দিয়েছিল ভারতীয় দল। অর্থাৎ সমর্থকদের সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নিয়ে যে ভারতীয় দলের ক্রিকেটাররাও বেশ ভয়ে রয়েছে তা কিন্তু স্পষ্ট। শেষপর্যন্ত সূর্যদের মুখে জয়ের হাসি ফোটে কিনা সেটাই দেখার।







