এক সপ্তাহ স্থগিত থাকার পর আবার ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান উত্তাপের আবহে স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। দু পক্ষের সংঘর্ষ বিরতি ঘোষিত হওয়ায় আবার টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে বাকি ম্যাচগুলি হবে ৬টি ভেন্যুতে। এগুলি হল বেঙ্গালুরু, জয়পুর, আহমেদাবাদ, দিল্লি, লখনউ ও মুম্বই। ফাইনাল হবে সম্ভবত আহমেদাবাদে।
আগের সূচি অনুযায়ী ফাইনাল ও প্লে অফের ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু পরিবর্তিত ভেন্যুর তালিকায় কলকাতা নেই। তাই আহমেদাবাদে এক লক্ষ দর্শকের সামনে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা। ২৫ মের পরিবর্তে ফাইনাল হবে ৩ জুন। একটি প্লে অফ হবে সম্ভবত মুম্বইয়ে।
১৭ তারিখ থেকে আবার শুরু হয়ে যাচ্ছে টুর্নামেন্ট। বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে খেলবে কেকেআর। ২০ মে রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপারকিংসের ম্যাচটি চেন্নাইয়ের বদলে হবে দিল্লিতে। ২৪ মে পঞ্জাব আর দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি ধরমশালার পরিবর্তে জয়পুরে অনুষ্ঠিত হবে। ২৬ মে পঞ্জাব আর মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচটি ধর্মশালার পরিবর্তে হবে জয়পুরে। আর ২৫ মে সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচটি হায়দ্রাবাদের পরিবর্তে দিল্লিতে অনুষ্ঠিত হবে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে সব ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদের ডেকে নেওয়ার জন্য, তবে অস্ট্রেলীয় ক্রিকেটারদের নিয়ে একটা সমস্যা আছে. কারণ মিচেল স্টার্ক, জস হ্যাজলউডরা আর আসতে চাইছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের ইচ্ছা অনুযায়ী তাঁরা সিদ্ধান্ত নিতে পারেন। সপ্তাহ খানেক বিরতির পর যুদ্ধ আবহ সরিয়ে আবার আইপিএল মোডে ঢুকে পড়বেন ক্রিকেটপ্রেমীরা।







