ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর কবে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন! এখনও পর্যন্ত নিশ্চিত করে কেউ সে কথা জানাতে পারছেন না। ক্রিকেট বোর্ডের কর্তারাও এ নিয়ে ধোঁয়াশায় আছেন। তাঁরা জানিয়েছেন, পারিবারিক সমস্যা মিটে গেলে গম্ভীর ইংল্যান্ডের বিমান ধরবেন। এদিকে ২০ জুন লিডসে ভারতীয় দল প্রথম টেস্ট খেলতে নামবে। আগে ঠিক ছিল ১৭ জুন গম্ভীর ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিন্তু এখনও তিনি নিজেও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তাঁর অবর্তমানে দলকে দেখছেন সহকারি কোচ রায়ান দুশখাতে। সঙ্গে আছেন ব্যাটিং কেচ সীতাংশু কোটাক। বোলিং কোচ মর্ণি মরকেল। টেস্ট ম্যাচ শুরু হতে এখনও পাঁচদিন বাকি। কর্তারা তাই আশা করছেন তার আগে পারিবারিক সমস্যা মিটিয়ে গম্ভীর দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
ইংল্যান্ড পৌঁছনোর পর সব কিছু ঠিকঠাকই ছিল। শুরুতে লর্ডসে প্র্যাকটিস করার পর ভারতীয় দল যায় কেন্টে। একসময় এই কাউন্টির হয়ে রাহুল দ্রাবিড় খেলেছেন। গত মরশুমে খেলেছেন ভারতীয় দলের সদস্য অর্শদীপ সিং। সেখানে দুদিন প্র্যাকটিসের পর গম্ভীরের কাছে বাড়ি থেকে ফোন যায়। মায়ের অসুস্থতার খবর পেয়ে গম্ভীর যোগাযোগ করেন বোর্ড কর্তাদের সঙ্গে। বোর্ড এ ব্যাপারে দেরি না করে গম্ভীরকে দেশে ফিরে আসার অনুমতি দেয়। ১৩ জুন গম্ভীর দেশে ফিরে আসার বিমান ধরেন।
দিল্লির গঙ্গারাম হাসপাতালে গম্ভীরের মা ভর্তি আছেন। রয়েছেন ইনসেনটিভ কেয়ার ইউনিটে। ১১ জুন হার্ট অ্যাটাকের পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও পর্যন্ত তিনি সেখানেই। গম্ভীর সব কিছু দেখ ভাল করছেন। বোর্ড কর্তারা খবর রাখছেন তাঁর মায়ের সুস্থতার ব্যাপারে। সুস্থতার কামনা করে কর্তারা আশা করছেন খুব তাড়াতাড়ি গম্ভীরের মা বাড়ি ফিরতে পারবেন। তাই এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না, কবে গম্ভীর ইংল্যান্ড যেতে পারবেন। সব কিছু অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে। গতবছর অস্ট্রেলিয়া সিরিজের সময় পারিবারিক কারনে দেশে ফিরতে হয়েছিল গম্ভীরকে। তিনি ফিরে আসার সময় ক্যানবেরায় ভারতীয় দল দুদিনের প্র্যাকটিস খেলতে ব্যস্ত ছিল প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে। সেদিন গম্ভীরকে ছাড়াই ভারতীয় দল নিজেদের প্রস্তুতি ম্যাচে নেমেছিল। ছয়মাসের মধ্যে আবার বিদেশ থেকে দলকে ছেড়ে গম্ভীরকে দেশে ফিরতে হল। সেদিন প্রথম টেস্টের আগে গম্ভীর দলের সঙ্গে যোগ দিতে পেরেছিলেন। এবারও আশা কর হচ্ছে যে লিডস টেস্টের আগে গম্ভীর ইংল্যান্ডের বিমানে উঠতে পারবেন।







