বিশিষ্ট ক্রীড়াসাংবাদিক এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন মিডিয়া ম্যানেজার জয়দীপ বসুর একটি বই প্রকাশিত হয়েছে সম্প্রতি। নাম ‘হু স্টোল মাই ফুটবল’। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অজানা কাহিনী। ২০২২-এর জুলাইয়ে মিডিয়া ম্যানেজারের পদে যোগ দিয়েছিলেন জয়দীপ বসু। এবছর তাকে মিডিয়া ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
গত তিন বছর ধরে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের কার্যকলাপ নিয়েই মূলত তার লেখা এই বই। তাতে উঠে এসেছে অনেক অজানা কথা। ২০২২-এ কল্যাণ চৌবের নেতৃত্বে ফেডারেশনের যে নতুন এগজিকিউটিভ কমিটি তৈরি হয়েছিল তারা অনেক আশা, প্রতিশ্রুতির কথা শুনিয়েছিল।
কিন্তু সমস্ত আশা, প্রতিশ্রুতিকে বিসর্জন দিয়ে ফেডারেশন সভাপতি এবং এগজিকিউটিভ কমিটির বিরুদ্ধে প্রকাশ্যে আসতে থাকে একের পর এক দূর্নীতির অভিযোগ।
জয়দীপ বসু সেই অভিযোগের আগুমে ঘি ঢেলেছেন। একাধিক বিস্ফোরক তথ্য দিয়ে। এরকম অভিযোগের কথা বইতে উল্লিখিত যে ফেডারেশন সভাপতি না কি ফেডারেশনেরই কর্মীর মাসিক বেতন থেকে কমিশন নিয়েছেন! এমনকী, ফেডারেশনের ক্রেডিট কার্ড থেকে নিজের জুতো কেনারও অভিযোগের কথা লেখা হয়েছে বইতে।
একইসঙ্গে বই প্রকাশিত হওয়ার পর থেকে এই প্রশ্নও উঠেছে যে, জয়দীপ বাবু সব জানা সত্ত্বেও গত তিন বছরে মুখ খোলেননি কেন? আজ তাকে ফেডারেশন সরিয়ে দিয়েছে বলেই কি তিনি এই বই লিখলেন? তাহলে কি ‘আঙুরফল টক হল’? সোমবার জয়দীপ বসুকে এই প্রশ্ন করা হয়েছিল। জবাবে বলেছেন, “কে বলেছে আমি কখনও প্রতিবাদ করিনি? ফেডারেশনের অফিসে আমার তিন বছরে এমন তিনটি ঘটনা ঘটেছিল যে আমি তার তীব্র প্রতিবাদ করেছিলাম। ওই তিনটি ঘটনার কথা আমি বলব না। শুধু এটুকু বলতে পারি, গত ৪১ বছর ধরে আমার পেশার সৌজন্যে ফেডারেশন যারা চালিয়ে আসছেন তাদের কাছ থেকে দেখেছি। কল্যাণ চৌবের মত নিকৃষ্ট সভাপতি আমি দেখিনি।”







