ফেব্রুয়ারির শেষেই ইস্টবেঙ্গল(Eastbengal) শিবিরে যোগ দিতে চলেছেন কেভিন সিবিল্লে(Kevin Sibille)। চোট সারাতে স্পেনে ফিরে গিয়েছিলেন লাল-হলুদের(Eastbengal) এই তারকা ফুটবলার। সেই থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। এবারের আইএসএলে তাঁকে পাওয়া যাবে তো। যদিও সেই সময়ে শোনা গিয়েছিল যে আপাতত তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন তিনি। তবুও লাল-হলুদ জনতার কিন্তু সংশয় শেষ হচ্ছিল না। অবশেষে ২৪ কিংবা ২৫ ফেব্রুয়ারিই শহরে ফিরছেন কেভিন সিবিল্লে(Kevin Sibille)।
এরপরই তাঁকে মেডিক্যাল দল পরীক্ষা নীরিক্ষা করে সবুজ সংকেত দিলে, মার্চ মাস থেকেই মাঠে নামতে চলেছেন কেভিন। একইসঙ্গে চোট সারিয়ে মার্চ মাসের দ্বিতীয় ম্যাচ থেকেই ফিরছেন নাওরেম মহেশও(Naorem Mahesh)। এখন নাকি অনেকটাই সুস্থতার পথে তিনি। সেইসঙ্গে দিল্লির বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল(Eastbengal) রক্ষণ নিয়েও বেশ স্বস্তিতে। মহম্মদ রাকিপ সুস্থ। আগামী ম্যাচেই খেলবেন তিনি।
বেশ কয়েকদিন আগেই প্রস্তুতি ম্যাচে পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন কেভিন সিবিল্লে। সেই থেকেই আর মাঠে নামতে পারছিলেন না। কখনও তাঁকে দেখার জন্য অস্কার মাঠে ডাকলেও, কেভিন নামার মতো পরিস্থিতিতে ছিলেন না। এমনকি রিহ্যাব পর্যন্ত শুরু করতে পারেননি কেভিন সিবিল্লে। এরপরই দেশে নিজের ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেভিন।
সেই মতো ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে নামার আগেই ফিরে গিয়েছিলেন স্পেনে। শোনাযাচ্ছে এখন নাকি আগের থেকে অনেকটাই সুস্থ এই আর্জেন্তাইন তারকা। চলতি মাসের শেষেই ফিরছেন শহরেও।
একইসঙ্গে রাকিপের মাথা ফেটে গেলেও এখন তিনি পুরোপুরি সুস্থ। বৃহস্পতিবার থেকে ইস্টবেঙ্গলের অনুশীলনেও নেমে পড়তে চলেছেন তিনি। কয়েকদিন পর থেকেই প্রস্তুতিতে যোগ দিতে পারেন নাওরেম মহেশ। মার্চ মাসের মধ্যেই ইস্টবেঙ্গল যে পূর্ণশক্তির দল পেয়ে যাচ্ছেন তা বেশ স্পষ্ট।







