কিয়ান নাসিরি ও দীপেন্দু বিশ্বাসকে যত তাড়াতাড়ি সম্ভব লিগের খেলায় নামিয়ে দিতে চায় মোহনবাগান। শুক্রবার কিয়ানকে সই করিয়েছে সবুজ-মেরুন শিবির। চেন্নাইয়িন এফসি থেকে প্রত্যাবর্তন ঘটেছে তঁার পুরোন ক্লাবে। কিয়ান ও দীপেন্দুকে নামিয়ে দিতে পারলে কোনও সন্দেহ নেই মোহনবাগান দলের ওজন অনেকটা বেড়ে যাবে। তাছাড়া সুহেল ভাটকে ঘরোয়া লিগে ডার্বি ম্যাচের আগে প্র্যাকটিশে নামাতে চাইছে মোহনবাগান।
প্রথম ম্যাচে পুলিশ এসির কাছে হার। দ্বিতীয় ম্যাচে কালিঘাট স্পোর্টস লাভার্সকে ৪-০ গোলে হারানো। তাসত্ত্বেও মোহনবাগানের খেলায় সেই জমাট ভাব নেই। বিশেষ করে গোল করার ম্যান যেমন কম। অন্যদিকে ডিফেন্সেও প্রচুর গলদ রয়েছে। সব মিলিয়ে দলের হাল মোটেই ভাল নয়। অথচ সমর্থকদের মনে ক্ষোভ বাড়ছে। যতই দলের পক্ষ থেকে বলা হোক, ঘরোয়া লিগকে ফুটবলার তুলে আনার প্ল্যাটফর্ম ধরা হয়েছে। কিন্তু মোহনবাগানিরা তা মন থেকে মেনে নিতে পারছেন না। তঁারা চান, আইএসএলের মতোই ঘরোয়া লিগেও সবুজ-মেরুনের সাফল্যের ধারা বজায় থাকুক। সোজা কথা চিরশত্রু ক্লাব ইস্টবেঙ্গল এগিয়ে যাবে আর পিছিয়ে পড়বে তঁাদের প্রিয় দল, তা কেউই মানতে রাজি নন। সেই কারণে পুলিশ এসির বিরুদ্ধে প্রথম ম্যাচ হারার পর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছিলেন।

দীপেন্দু বিশ্বাসকে এবার দেখা যাবে ঘরোয়া লিগ খেলতে।
মোহনবাগান খেলতে নামবে হেরে যাওয়ার মানসিকতা নিয়ে, ক্লাবের কোনও সভ্য-সমর্থক তা মন থেকে মেনে নিতে পারছেন না। তাছাড়া ক্লাবকর্তারা প্রায়ই বলেন, মোহনবাগান যেখানে খেলতে নামে সেখানে লক্ষ্য থাকে একটাই-চ্যাম্পিয়ন। বাগান সমর্থকরাও সেই একই ধারায় চলে থাকেন। মোহনবাগান সুপার জায়ান্টের কর্তারাও তা বুঝেছেন। তাই তঁারা চাইছেন, দল ভাল জায়গায় নিয়ে আসতে। কিয়ান নাসিরিকে তড়িঘড়ি সই করানোর পেছনে একটাই উদ্দেশ্য-ঘরোয়া লিগে খেলানো। দীপেন্দু বিশ্বাসের নাম আগেই নথিভুক্ত করা আছে আইএফএ-তে। এবার কিয়ান নাসিরির নাম নথিভুক্ত করতে হবে। কিয়ান এসে গেলে ফরোয়ার্ড লাইন শক্তিশালী হতে বাধ্য। শোনা যাচ্ছে, ১১ জুলাই আগামী সপ্তাহের শুক্রবার থেকে কিয়ান ও দীপেন্দু বিশ্বাস প্র্যাকটিশ করতে নামবেন। তঁাদের খেলা না খেলা নির্ভর করবে সম্পূর্ন কোচ কার্দোজোর উপর। যদি তিনি ফিট মনে করেন তাহলে পরবর্তী ম্যাচ থেকে তঁাদের নামিয়ে দেওয়া হতে পারে। তবে ডার্বির আগে মোহনবাগান চাইছে দল মোটামুটি ভালভাবে দঁাড় করিয়ে দিতে। যাতে ইস্টবেঙ্গলের কাছে না হারতে হয়। সেইজন্য সুহেল ভাটকেও ডার্বির আগে প্র্যাকটিশে নামিয়ে দিতে চায় মোহনবাগান। কেন তার আগে কিয়ান বা দীপেন্দুকে নামানো হচ্ছে না জানতে চাইলে টিম ম্যানেজমেন্টের এক গুরুত্বপূর্ন সদস্য বলে দিলেন, “আইএসএলের পরে সুপার কাপ, তাছাড়া ভারতীয় দলের ক্যাম্পে ছিলেন দীপেন্দু। একটা মরসুম শেষ আর পরবর্তী মরশুম শুরুর মধি্যখানে কম করে দেড় মাস একজন ফুটবলারকে বিশ্রাম দিতে হয়। তাই দীপেন্দুকে আমরা চাইলেও নামাতে পারব না।” কিয়ান চেন্নাইয়িন থেকে সরাসরি আসছেন মোহনবাগানে। তিনি যদিও বিশ্রামে রয়েছেন। তবু মোহনবাগান ঠিক করেছে, দুজনকে একসঙ্গে প্র্যাকটিশে নামাবে।







