শনিবার থেকে আবার শুরু হয়ে যাচ্ছে আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পর ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে ১৭মে থেকে আইপিএল শুরু হবে। সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন দশ দলের কর্তারা নিজেদের আবার গোছাতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তাঁদের মাথাব্যথা নেই। তাঁরা তাকিয়ে বিদেশি ক্রিকেটারদের দিকে। কারন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অনেক বিদেশি ক্রিকেটার আইপিএলে আসতে রাজি হচ্ছে না। তবে সেদিক থেকে কেকেআরের চিন্তা নেই। নিশ্চিন্তে গুজরাট টাইটান্সও।
কেকেআর ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটরদের নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। বিদেশি বলতে রাসেল, নারাইন, পাওয়েল, গুরবাজরা নেই। তবে তাঁদের দলে পেতে খুব একটা অসুবিধা হবে না। তাঁদের সঙ্গে যোগাযোগ আছে কেকেআর কর্তাদের। তিন ক্যারিবিয়ান ক্রিকেটার ভারত ছেড়ে গেলেও তাঁরা দেশে যাননি। এই মুহূর্তে দুবাইয়ে আছেন। শোনা যাচ্ছে বুধবার তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন। গুরবাজ এখন কাবুলে। তিনিও কাবুল থেকে দুবাই এসে রাসেলদের সঙ্গে ভারতে আসার ব্যাপারে কথা বলে নিয়েছেন।
এবারের আইপিএলে গতবারের চ্যাম্পিয়নদের অবস্থান ভাল নয়। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলে ছয় নম্বরে। এখন প্লে অফের কথা ভাবতে হলে পরের দুটি ম্যাচ জেতা ছাড়াও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানেও মনে হয় না তারা কিছু করতে পারবে। কারন বাকি দুটি ম্যাচ জিতলে কেকেআর ১৫ পয়েন্টে দাঁড়াবে। এই পয়েন্টে প্লে অফে জায়গা পাওয়া কঠিন। তবু কেকেআর হাল ছাড়তে নারাজ। তারা মনে করছে আগে ১৫ পয়েন্টে পা দেওয়া য়াক। তারপর দেখা যাবে।
এদিকে গুজরাট টাইটান্স আইপিএলে বা জায়গায়। তারা এক নম্বরে আছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার দিকে এগিয়ে গিয়েছে। লিগে তাদের আরও তিনটি ম্যাচ খেলতে হবে। মনে হয় শেষপর্যন্ত টেবিলে এক বা দুয়ে জায়গা করে প্লে অফে যাবে। তাদের দলের দুই ক্রিকেটার জস বাটলার ও কোয়েতজার ভারত ছেড়ে চলে গিয়েছেন। তবে গুজরাট কর্তাদের টেনশনে রাখছেন না বাটলাররা। তাঁরা জানিয়ে দিয়েছেন, খুব তাড়াতাড়ি ভারতে এসে দলের সঙ্গে যোগ দেবেন। তাই নিশ্চিন্তে গুজরাট টাইটান্স।







