বুধবার নদীয়া পুলিশের আপত্তিতে ১৯ জুলাইয়ের কল্যাণী স্টেডিয়ামে নির্ধারিত কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেই ম্যাচের আয়োজক কল্যাণী পুরসভা এবং আইএফএ সচিব উদ্যোগ নিতে শুরু করেন এই ম্যাচ হওয়ানোর জন্য। এবং শেষপর্যন্ত নদীয়া জেলা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আইএফএ এবং কল্যাণী পুরসভার চেয়ারম্যানের প্রায় চার ঘন্টার বৈঠকের পর নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ ১৯ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই কল্যানী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।
এর আগে কল্যাণীতে দু’বার ডার্বি ম্যাচ নির্ধারিত থাকলেও ভেস্তে গিয়েছে নিরাপত্তার কারণে। কিন্তু এবার ডার্বি হওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী। প্যারালাল স্পোর্টসকে বৃস্পতিবার রাতে বললেন, “হতাশ হইনি। আত্মবিশ্বাসী ছিলাম এবার ডার্বিটা এখানেই হবে। আইএফএ আসলে চায় ম্যাচটা সুন্দরভাবে এবং সুষ্ঠভাবে হোক। এত অল্প সময়ে সেটা সম্ভব ছিল না। তাই তারিখটা পিছিয়ে দেওয়া হল। এতে ম্যাচটা আয়োজন করার সময় পাওয়া যাবে।”
নীলিমেশ রায়চৌধুরী আরও জানালেন, নিরাপত্তার কথা মাথায় রেখেই মাঠের বাইরে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো বাতিল করেছে পুলিশ। টিকিট অনলাইনে ছাড়া হবে, দাম ১৫০ টাকা। প্রতিটি গেটে থাকছে কিউ-আর কোড। ফুড-পার্কও রাখা হবে ম্যাচের জন্য।
২৬ জুলাইয়ের ম্যাচ নিয়ে অখুশি ইস্টবেঙ্গল। শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন, ১৯ জুলাই ম্যাচটা হলেই তাদের সুবিধে হত। মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস অবশ্য বলেছেন, এই বিষয়ে চিঠি পাওয়ার পরই তিনি মন্তব্য করবেন।







