যাবতীয় সমালোচনার অবসান কার্যত হয়ে গেল। হাইকোর্টে(Kolkata High Court) বড়সড় ধাক্কা খেল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ইস্টবেঙ্গলকে(Eastbengal) গত মরসুমের চ্যাম্পিয়ন ঘোষণা করতে আর বাধা রইল না আইএফএ-র(IFA)। শুক্রবার আলিপুর জেলা আদালতের রায় অন্তর্বর্তীকালীন রায় খারিজ করে ইস্টবেঙ্গলের পক্ষেই কার্যত রায় দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। এই মরসুমেও চ্যাম্পিয়ন হওয়ার পথে ইস্টবেঙ্গল। তার আগেই লাল-হলুদ শিবিরে চলে এলে আরেক খুশির খবর। এখন শুধুই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা।
গত মরসুমে ডায়মন্ডহারবার এফসি(DHFC) আলিপুর জেলা আদালতের দ্বারস্থ হওয়ার পরই ইস্টবেঙ্গলকে(Eastbengal) চ্যাম্পিয়ন ঘোষণা করার কাজটা আটকে গিয়েছিল রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার। ডায়মন্ডহারবারেরই পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএফএ(IFA)। অবশেষে শুক্রবার কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য আইএফএর পক্ষেই রায় দেন। অর্থাত্ এবার আর ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে কোনওরকম বাধা রইল না।
ঘটনার সূত্রপাত হয়েছিল গত মরসুমে ডায়মন্ডহারবার এফসির ইস্টবেঙ্গলের(Eastbengal) ম্যাচ পিছনোর অনুরোধ থেকে। একটানা কলকাতা লিগের ম্যাচ খেলার পাশাপা্শি রিল্যায়েন্স ফাউন্ডেশন লিগ, আইলিগ-২ খেলতে হচ্ছিল ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)। এর ফলে ফুটবলারদের বিশ্রামের কথা বলে ইস্টবেঙ্গলের(Eastbengal) বিরুদ্ধে তাদের ম্যাচ পিছনোর আবেদন জানানো হয়েছিল ডায়মন্ডহারবার এফসির তরফে। কিন্তু তাদের আবেদনে সাড়া দেয়নি আইএফএ। এমনকি সূচিও না বদলানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এরপরই দল না নামানোর সিদ্ধান্ত নিয়েছিল ডায়মন্ডহারবার এফসি এবং ইস্টবেঙ্গলকে যাতে চ্যাম্পিয়ন ঘোষণা না করা হয় সেই দাবীই জানানো হয়েছিল তাদের পক্ষে। সেই ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে ৩০ মিনিট অপেক্ষা করলেও ডায়মন্ডহারবার এফসি না আসায় শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়। ভবানীপুর আগেই ওয়াক ওবার ঘোষণা করায় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপরই ডায়মন্ডহারবার এফসির তরফ থেকে আইএফএ যাতে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা না করে তারই দাবি জানানো হয়েছিল। কিন্তু আইএফএ ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতেই তারা আদালতের দ্বারস্থ হয়।
আলিপুর জেলা আদালতে (Alipore District Court) মামলা করে ডায়মন্ডহারবার এফসি। এরপরই জেলা আদালত চ্যাম্পিয়ন ঘোষণার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল। তারই পাল্টা কলকাতা হাইকোর্টে গিয়েছিলে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ।
শুক্রবারই তারই শুনানি ছিল। সেখানেই হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় যে আলিপুর জেলা আদালতের রায় নাকি আইসম্মত ছিল না। অর্থাত্ ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে আর বাধা রইল না আইএফএ-র। তবে এখনই লিখিত ভাবে কোনওকিছু দেওয়া হয়নি কোর্টের তরফে। তারই অপেক্ষায় রয়েছে আইএফএ। নির্দেশ পেলেই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইএফএ।







