সুদীপ পাকড়াশীঃ
১৪ ডিসেম্বর থেওকে শুরু বেঙ্গল সুপার লিগ। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে উন্মাদনা। ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতিও তুঙ্গে। বাংলায় একসময় খেলে যাওয়া প্রবল জনপ্রিয় বিদেশিদেরও এই লিগে আবার আনার উদ্যোগ দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। ব্যারেটো যেমন এসেছেন একটি ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হয়ে।
সেরকমই, বীরভুম থেকে লিগে খেলা কোপা টাইগার্সের চমক ওকোলি ওডাফা। প্রায় দু’দশক পর বাংলার ফুটবলে আবার তিনি ফিরছেন। তবে ফুটবলার হিএবে নয়। একসময়ে ভারতীয় ফুটবলের অন্যতম জনপ্রিয় এই নাইজেরীয় স্ট্রাইকার, ৪০ বছরের এই স্ট্রাইকারকে এবার দেখা যাবে কোপা টাইগার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। আগামি ৮ ডিসেম্বর, কোপা টাইগার্সের প্রথম সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন ওডাফা, জানালেন ফ্র্যাঞ্চাইজির মালিক অভিজিৎ রায়। দলের প্রথম কয়েকটি ম্যাচেও দলকে তিনি উৎসাহ দেবেন বলে জানা গিয়েছে।

কোপা টাইগার্সের নিজস্ব অ্যাকাডেমি ইতিমধ্যে গত ছ’মাস আগে শুরু হয়ে গিয়েছে। বোলপুর থেকে একটু দুরে তাদের আবাসিক ফুটবল স্কুলে এই মুহূর্তে ছাত্রের সংখ্যা ২২। তাদের মধ্যে অধিকাংশই গ্রাম থেকে তুলে আনা আদিবাসী। অনূর্ধ্ব-১২ বছরের ছেলেও আছে। আর এসেছে দুজন বিদেশি ছাত্রও। একজন ঘানার, আর একজন টঙ্গা থেকে এসেছে।
ফ্র্যাঞ্চাইজির মালিক বলছেন, “ছ’মাস আগে অ্যাকাডেমি শুরু করে আমাদের একটাই লক্ষ্য ছিল। অ্যাকাডেমির ছেলেদের ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করা। একইসঙ্গে এ-ও লক্ষ্য ছিল, ছেলেদের যত সম্ভব ম্যাচ-টাইম দেওয়া। টুর্নামেন্ট না খেললে, ওরা তৈরি হবে না।“
তাই, অ্যাকাডেমি শুরু করার পরই কোপা অ্যাকাডেমি গোয়ার চার্চিল ব্রাদার্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। অ্যাকাডেমির সম্ভাবনাময় ছেলেরা চার্চিলে যাবে। ওদের হয়ে গোয়া ইয়ুথ লিগে খেলবে, পরবর্তীতে আই লিগেও খেলার সুযোগ পেতে পারে পারফরম্যান্স করতে পারলে।
অভিজিৎ রায় আরও জানালেন, “অ্যাকাডেমির ছেলেদের অত্যাধুনিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে আমরা স্পেনের দ্বিতীয় ডিভিশন দল, লা পামাসের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে চলেছি। ভবিষ্যতে যাতে এখান থেকে ছেলেরা ওদের ওখানে ট্রেনিং করে এবং ওখানে কোনও ক্লাবের হয়েও খেলার সুযোগ পায়।“
বেঙ্গল সুপার লিগের জন্য, কোপার মার্কি ফুটবলার তাজিকিস্তানের কোমরন তুরসনোভ। আরও এক বিদেশির যোগ দেওয়ার সভাবনা আছে। এখনও পর্যন্ত নথীভূক্ত করা হয়েছে ২৫জনকে। অ্যাকাডেমিতে ঘানার কোচ জোসেফের সঙ্গে আছেন আরও দু’জন কোচ। এদের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করবেন রঞ্জন ভট্টাচার্য। ইংল্যান্ড থেকে জর্জি নামের আরও এক লাইসেন্সধারী কোচকেও আনা হচ্ছে। দুবরাজপুরে হোম-ম্যাচ খেলবে কোপা টাইগার্স।

তবে ফ্র্যাঞ্চাইজি মালিকের ভাবনায় এখন জলপাইগুড়ি জেলার রাঙ্গামালিতে স্পোর্টস সিটির নির্মাণ প্রকল্প। “ওখানে অত্যাধুনিক মানের স্টেডিয়াম এবং ফুটবলের পরিকাঠামো ছাড়াও ক্রিকেট, সাঁতারের মত অন্য কয়েকটি খেলার জন্যও অ্যাকাডেমি তৈরি হবে, “ বললেন অভিজিৎ রায়।







