পর্তুগিজ প্রয়াত ফুটবলার দিয়েগো জোটার প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে এল উইম্বলডন কর্তৃপক্ষ। সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জোটার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে চাইলে কালো আর্মব্যান্ড পরার অনুমতি দেওয়া হবে। তারজন্য উইম্বলডন কর্তৃপক্ষ বাধা দেবে না। বৃহস্পতিবার স্পেনে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন পর্তুগিজ স্ট্রাইকার। দুর্ঘটনাস্থলে মারা যান পর্তুগালের স্ট্রাইকার দিয়েগো জোটা। সঙ্গে মারা গিয়েছেন তঁার ভাইও। তবে বেঁচে গিয়েছেন দু-সপ্তাহ আগে বিয়ে করা তঁার স্ত্রী ও তিন সন্তান। বিশ্ব ফুটবল মহল শোকস্তব্ধ হয়ে পড়েছে। তার ব্যতিক্রম হতে পারল না উইম্বলডন। সাদা পোশাক পরে খেলাই হল এখানকার ঐতিহ্য। এই প্রথম কালো ব্যান্ড পরার অনুমতি দিল সংগঠকরা। ব্যতিক্রম হয়ে রইল এই ঘটনা।
উইম্বলডনে তূরীয় মেজাজে রয়েছেন বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থাকা জানিক সিনার। তিনি দ্বিতীয় রাউন্ডেও স্ট্রেট সেটে জিতেছেন। অস্ট্রেলিয়ার আলেকজান্ডার ভূকিচের বিপক্ষে ৬-১, ৬-১ ও ৬-৩ সেটে জিতে যান। সারা খেলায় মাত্র পঁাচটা গেম হেরেছেন। ১০০ মিনিটের মধ্যে তিনি জয় তুলে নেন। তৃতীয় রাউন্ডে তঁার প্রতিপক্ষ হবেন স্পেনের ৫২ নম্বর খেলোয়াড় পেদ্রো মার্টিনেজ। তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে সমীহ বার্তা আরোপ করে জানিয়েছেন সিনার, “তৃতীয় রাউন্ডের বাধা সবসময় কঠিন হয়। এবার দেখছি প্রচুর বিপর্যয় ঘটছে। তাই পুরোপুরি নিজেকে তুলে ধরতে না পারলে বিপদ বাড়বে বই কমবে না।” পরে যোগ করেন সিনার, “দ্বিতীয় রাউন্ডে যেভাবে জিতলাম তাতে আমার অখুশি হওয়ার কোনও কারণ নেই। তবে কিছু কিছু ব্যাপারে আমাকে উন্নতি করতে হবে। সেইদিকে এখন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো।”এবার উইম্বলডনে এত বিপর্যয় ঘটছে যে বাছাইকরা ৩২জন খেলোয়াড়ের মধ্যে মাত্র ১৩জন টিকে আছেন। সেই সংখ্যাও কমতে থাকবে।







