সুনীল ছেত্রীকে অবসর ভেঙে আবার জাতীয় দলে ফেরানোয় সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু সর্বভারতীয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ বলেছেন, “হ্যাঁ, এটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। কিন্তু আমাদের তখন গোল করার সমস্যা ছিল। সুনীল তখন আইএসএলে ভালো পারফর্ম করছিল। বাংলাদেশের বিরুদ্ধে তার একটি বড় সুযোগ ছিল, যদি সে গোল করত, তাহলে পুরো ছবিটাই বদলে যেত। কিন্তু আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত ছিল না। সুনীলের মত একজন টপ প্রফেশনাল ফুটবলারকে দলে পেয়ে কে না খুশি হয়!”
মার্কুয়েজের সময়ে ভারতীয় দল ৮ ম্যাচে মাত্র একটায় জিতেছিল। এএফসি এশিয়ান কাপেও যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ধাক্কা খেয়েছে দল। এই ব্যর্থতার প্রসঙ্গে বলতে গিয়ে মার্কুয়েজ বলেছেন, “জাতীয় দলের হয়ে খেলার জন্য খেলোয়াড়দের আরও গর্ব নিয়ে মাঠে নামা উচিত। তাদের মানসিকতা আর দৃষ্টিভঙ্গিতে আরও নিষ্ঠা ও আত্মবিশ্বাস থাকা প্রয়োজন।”
স্প্যানিশ কোচের মনে হয়েছে, তাঁর কোচিংয়ের সময় সবচেয়ে বড় সমস্যা ছিল একটি নির্দিষ্ট মূল দল তৈরি না হওয়া। তিনি জানান, “আমি প্রথম সাংবাদিক বৈঠকেই বলেছিলাম যে আমি একটি নির্দিষ্ট মূল দল নিয়ে কাজ করতে চাই। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “যদি আপনি পাঁচটি ফিফা উইন্ডোতে ৪৯ জন খেলোয়াড়কে ডাকেন, তাহলে বুঝতে হবে আপনি এখনও সঠিক দল খুঁজে পাননি।”







