অবশেষে মেহতাব সিং-কে এই মরশুমে নেওয়ার কাজটা নিশ্চিত করল মোহনবাগান সুপার জায়ান্টস। এই ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য এই মরশুমে আইএসএলের অনেক ক্লাব ঝাঁপিয়েছিল। ইস্টবেঙ্গলও তাদের মধ্যে ছিল।
কিন্তু মেহতাবের ট্রান্সফার ফি সহ আকাশছোঁয়া দরে পিছিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত সেই দৌড়ে জিতল মোহনবাগান সুপার জায়ান্টস। এমবিএসজি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই তিনি চুক্তিপত্রে সই করেছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে দু’একদিনের মধ্যে।
ইস্ট বেঙ্গল জুনিয়র দল থেকে উত্থান মেহতাবের। লাল-হলুদ ব্রিগেডের হয়ে খেলায় সময়ই সিনিয়র দলে সুযোগ পান তিনি। এরপর ২০২০ সালে যোগ দেন মুম্বই সিটিতে। পাঁচ বছর বাণিজ্য নগরীর ফ্র্যাঞ্জাইজি দলটিতে সাফল্যের সঙ্গে খেলেন তিনি। চলতি মরশুমে ফের কলকাতায় ফিরতে আগ্রহ দেখান মেহতাব।
বলাবাহুল্য, গত সিজনে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন এই ভারতীয় সেন্টার ব্যাক। প্রতিপক্ষের আক্রমণভাগকে ভোঁতা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। মোহনবাগানে যোগদান করলেও এই নয়া মরসুমে ও নিজেকে প্রমাণ করতে চাইবেন তিনি।
চলতি মরশুমে উইং-ব্যাকের দুর্বলতা মেটাতে তৎপর ছিলেন কোচ হোসে মোলিনা। ইতিমধ্যে বাঁদিকের শক্তি বাড়াতে অভিষেক সিংকে সই করিয়েছে টিম ম্যানেজমেন্ট। এবার মেহতাব আসায় রাইট উইং ব্যাকের সমস্যাও মিটবে বলে আশাবাদী সবুজ-মেরুন থিঙ্ক ট্যাঙ্ক। শুধু উইং ব্যাক নয়, সেন্ট্রাল ডিফেন্সে খেলতে সবল এই পাঞ্জাবি ফুটবলার।







