আইএসএলের মঞ্চে প্রথম পয়েন্ট খোয়ালো মোহনবাগান সুপাজায়ান্ট(MBSG)। অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির(BFC) সঙ্গে গোলশূন্য ড্র। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত ম্যাকলরেন(Jamie Maclaren), দিমিত্রিরা(Dimitri Petratos) চেষ্টা একের পর এক আক্রমণের ঝড় তুললেও, বেঙ্গালুরুর রক্ষণ এবং গুরপ্রীতের দক্ষতায় বারবারই আটকে যায় তারা। যদিও পাল্টা আক্রমণের চাপ বেঙ্গালুরুর তরফেও ছিল। কিন্তু সুনীল, রায়ান উইলিয়ামসরাও ব্যর্থই হয়েছেন। বল পজিশন থেকে শট সমস্ত দিক থেকেই এগিয়ে ছিল মোহনবাগানই। কিন্তু গোলটা আর করতে পারেনি তারা।
এদিন ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম আধ ঘন্টার মধ্যেই দিমিত্রি, ম্যাকলরেন এবং রডরিগেজ বেশ কয়েকটা সুযোগ বের করে ফেলেছিল। কিন্তু কোনও না কোনওভাবে আটকেই গিয়েছিল তাদের শট। সেইসঙ্গে এদিন দুরন্ত ছন্দে ছিলেন শুভাশিস বোসও। তিনিও কিন্তু বেশ কিছু ভালো বল বাড়িয়েছিলেন।
বিরতির পরও খেলাটা ছিল আক্রমণ-প্রতিআক্রমণের। মনিরুল থেকে সুনীল ছেত্রীরাও তখন গোল পেতে মরিয়া। একবার তো বক্সের মধ্যে ছেত্রী পরপর দুবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু থাপার দক্ষতায় বেঁচে যায় মোহনবাগান।
পাল্টা আক্রমণে মোহনবাগানও ভয় ধরিয়ে দিয়েছিল বেঙ্গালুরু রক্ষণে। ম্যাকলরেনের সুযোগ একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। রডরিগেজের শটও কখনও গুরপ্রীতের হাতে তো কখনও বাইরে। আর শেষের দিকে দিমিত্রি পেত্রাতোস তো একেবারে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন। কিন্তু তিনিও বাইরেই শট নেন। ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবেই।







