অ্যালেক্সিস কাসিমভের বকেয়া না মেটানোয় বৃহস্পতিবার ফিফার রেজিস্ট্রেশন-ব্যানের চিঠি পেয়েছে মহমেডান স্পোর্টিং। ক্লাবকর্তারা নিশ্চিত, এখানেই শেষ নয়। প্রাক্তন কোচ আন্দ্রে চেরনিশভ থেকে ফ্রাঙ্কার মত আরও যে কয়েকজন প্রাক্তন বিদেশি ফুটবলার ফিফায় বকেয়া না পাওয়ার অভিযোগ করেছেন, তাদের টাকা মেটানোর নির্দেশও ফিফা অবিলম্বে পাঠাবে। সেই টাকার পরিমাণ কম নয়। সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকা!
তাতেও ক্লাবের শীর্ষকর্তারা বিচলিত নন! শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষকর্তা এই প্রসঙ্গে জানালেন, পুরো টাকাটাই ক্লাব দিয়ে দেবে, ক্ষেপে, ক্ষেপে। একটু সময় লাগতে পারে। নতুন বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ক্লাবের আলোচনা এখনও পর্যন্ত ইতিবাচক জায়গায় আছে।
শুক্রবার আনকোরা নতুন ছেলেদের নিয়ে কলকাতা প্রিমিয়ার লিগে তাদের প্রথম ম্যাচে মহমেডান স্পোর্টিং ২-২ গোলে ড্র করল কলকাতা পুলিশের বিরুদ্ধে। কোচ মেহরাজউদ্দিন ওয়াডু ছেলেদের লড়াইয়ে সন্তুষ্ট। বললেন, “স্বস্তির খবর যে, ট্রায়াল থেকে নেওয়া যে পাঁচজন নতুন ছেলেকে নেওয়া হয়েছে তারা প্রথম ম্যাচে ভরসা দিয়েছে। আগামিদিনে এরা দলের সম্পদ হতে পারে। মাত্র ১০ দিনের প্র্যাক্টিসে অনভিজ্ঞ ফুটবলারদের নিয়ে আজ এক পয়েন্ট পেয়ে আমি খুশি।”







